কলকাতা: স্বামী গ্রেফতার, তিনি নিজেও জেরায় জেরবার! এরই মধ্যে ‘কেচ্ছা’ ফাঁস করেছিলেন তাঁর সারেগামাপা-এর ‘বন্ধু’! সেই বন্ধুই এবার হাত বাড়ালেন গানে ফেরার আহ্বান জানিয়ে! কথা হচ্ছে, কীর্তন শিল্পী তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সিকে (Aditi Munsi) নিয়ে। আর ‘বন্ধুটি’ হলেন, ২০১৫ সারেগামাপা চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)।
একটি সাক্ষাৎকারে সৌম্য দাবী করেন, প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার জন্য অদিতি এক ব্যক্তিকে “ব্যবহার” করেছিলেন। সৌম্যর আরও দাবি, প্রতিযোগিতা চলাকালীন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তিনি ‘সারেগামাপা’-র এক স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর প্রতিযোগিতা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অদিতি (Aditi Munsi) তৎকালীন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন, বলেছিলেন সৌম্য (Soumya Chakraborty)।
তবে এবার সুর নরম করে সৌম্য জানান, অদিতির প্রতি তাঁর আর কোনও অভিমান নেই। বরং তিনি চান, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে অদিতি আবার গানের জগতে ফিরে আসুন। এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, “আমি চাই অদিতি (Aditi Munsi) যেন গানে ফিরুক। সবার আগে ও একজন শিল্পী। আইনি বিষয় আদালতেই মিটবে। বন্ধুর মতো আমারও খারাপ লাগা থাকতে পারে, ওরও থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা আদালতই বলবে।”
তিনি (Soumya Chakraborty) আরও বলেন, “অদিতি এখন একজন সন্তানের মা। আমিও একজন সন্তানের বাবা। তাই মনে হয়, আর এই বিতর্ক টেনে লাভ নেই। যদি কোথাও কোনও ভুল হয়ে থাকে, মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করবেই। আইনি বিষয়ে যা বলার, সেটা আইনের পথেই বলা উচিত।”
উল্লেখ্য, ২০১৫ সালের ‘সারেগামাপা’-র মঞ্চ থেকেই পরিচয় সৌম্য ও অদিতির (Aditi Munsi)। সেই সময় অদিতির কীর্তন পরিবেশন বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। বর্তমান বিতর্কের মধ্যেও পুরনো বন্ধুকে শিল্পী হিসেবেই দেখতে চান সৌম্য (Soumya Chakraborty)। তাঁর কথায়, “রাজনীতি বা বিতর্ক নয়, অদিতির পরিচয় একজন গায়িকা। আমি চাই, ও আবার মঞ্চে ফিরুক।”


