Aaj India Desk, কলকাতা : তৃনমূল সরকার ক্ষমতায় থাকাকালীন শহরজুড়ে থাকা রাজনৈতিক পোস্টারকে ‘দৃষ্টিকটু’ বলে সরানোর ডাক দিয়েছিল বিজেপিই (BJP)। তবে সময়ের সাথে সরকার বদলেছে। সেই শহরের দেওয়াল, খুঁটি আর গ্রিলেই শোভা পাচ্ছে বিজেপিরই নতুন রাজনৈতিক প্রচার। সেই পোস্টার খুলতে নেমেই স্বেচ্ছাসেবীদের এক পরিচ্ছন্নতা অভিযান ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্টার অপসারণ এবং তা নিয়ে বিজেপির ক্ষোভকে কেন্দ্র করে এবার মুখোমুখি দুই পক্ষ।
সামাজিক মাধ্যমে মুদ্রা পাঠারিয়া জানান, রবিবার ভোরে সাত সদস্যের একটি দল মেনোকা সিনেমা হলের সামনে থেকে অভিযান শুরু করে। সকাল সাড়ে পাঁচটা থেকে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত তাঁরা শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউ এবং এস.পি. মুখার্জি রোড সংলগ্ন এলাকায় রাস্তার গ্রিল, বৈদ্যুতিক বক্স, গাছ ও খুঁটি থেকে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার সরান। তাঁর দাবি, রাজনৈতিক দলের পোস্টার ছাড়াও গায়ক, ওটিটি অভিনেতা, ম্যাসাজ পরিষেবার বিজ্ঞাপন, পেয়িং গেস্টের প্রচার, কোচিং ও টিউশনের পোস্টারও অপসারণ করা হয়েছে। তিনি জানান, আগামী দিনেও এই অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এই পোস্টের প্রতিক্রিয়ায় বিজেপি (BJP) নেতা উপমন্যু ভট্টাচার্য দাবি করেন, এই অভিযানের সময় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্টারও সরানো হয়েছে। উপমন্যুর বক্তব্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি জানান। তিনি আরও অভিযোগ করেন যে, এই পরিচ্ছন্নতা অভিযান মূলত দক্ষিণ কলকাতার রসবিহারী বিধানসভা কেন্দ্র এবং আশপাশের এলাকাতেই সীমাবদ্ধ।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরাও বিজেপির (BJP) অবস্থান নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। বিভিন্ন সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পোস্টার ও প্রচারসামগ্রীর বিরোধিতা করা সত্ত্বেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এবং বিজেপির পোস্টার অপসারণের ঘটনায় আপত্তি জানানোর কারণ কি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এবার এই বিতর্ক শেষপর্যন্ত কোনদিকে এগোয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


