Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী (Chief Minister)হিসেবে শনিবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণের পরেই সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন শুভেন্দু। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তিনি লেখেন, “প্রণাম পশ্চিমবঙ্গ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর ভাবনা, আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতেই পশ্চিমবঙ্গে সুশাসন, নিরাপত্তা ও সর্বাঙ্গীণ উন্নয়ন প্রতিষ্ঠার সংকল্প নেন শুভেন্দু অধিকারী।
নিজের বার্তায় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করবে নতুন সরকার। উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষাকে সরকার অগ্রাধিকার দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বিভেদের রাজনীতি নয়, রাজ্যের প্রতিটি মানুষের জন্য কাজ করাই হবে তাঁর সরকারের মূল লক্ষ্য। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলের খেয়াল রাখার বার্তাও দেন শুভেন্দু।
এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করল, এবং শুধু শপথ গ্রহণেই থেমে থাকেননি নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে PW টেন্টে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর এবং ডিজি সঙ্গে বৈঠক সারলেন। সেখানে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি। তাই মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম বৈঠক।
সূত্রের খবর, বৈঠকে নতুন সরকারের কাজের গতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, আগের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক রদবদলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোয় এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে।


