কলকাতা: টলিপাড়ার অন্দরে গুঞ্জনটা বেশ পুরনো।সৃজলা গুহ আর সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জী, দু’জনের সম্পর্ক নিয়ে কানাঘুষো কম হয়নি। যদিও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। এর মধ্যেই নতুন করে শিরোনামে শন! জানা গিয়েছে, বিগ বস বাংলার (Bigg Boss Bangla) সিজন ৩-তে শুরু থেকেই থাকার কথা ছিল শনের। কিন্তু শোয়ের গ্র্যান্ড ওপেনিংয়ের শুটিংয়ের সময় গুরুতর হাঁটুর চোট পেয়েছিলেন তিনি। চোটের কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে, ফলে সেই সময় ‘বিগ বস’-এ তাঁর প্রবেশের পরিকল্পনা বাতিল হয়ে যায়। এখনও চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন শন। এদিকে জল্পনা, ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘরে নাকি দেখা যাবে শনকে! ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল জোর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় তাঁর সাফ বার্তা, এই মুহূর্তে ‘বিগ বস’-এর ঘরে ঢোকার কোনও সম্ভাবনাই নেই। তিনি জানান, এখনও গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছেন।তবে তাঁর ‘কামব্যাক হবে একেবারে অন্যরকম’।
ব্যস! তারপর থেকেই নতুন প্রশ্ন—তাহলে কীভাবে ফিরবেন শন?
অন্যদিকে, বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে রয়েছেন সৃজলা। আরর তাঁকে ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন চর্চা। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন নন্দিনী দত্তর সঙ্গে ধস্তাধস্তিতে কাঠের ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সৃজলা।ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শন। ঘটনাটিকে ‘অমানবিক’, ‘বিরক্তিকর’ এবং ‘লজ্জাজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তারপর থেকেই ফের সামনে আসে তাঁদের সম্পর্কের গুঞ্জন।
তবে গল্পে আরও টুইস্ট!
বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলে, সৃজলা নিজেই স্পষ্ট করে দেন, তাঁদের সম্পর্ক ভাই-বোনের। সব মিলিয়ে এখন নজর সৃজলা-শনের দিকেই। বিগ বসের ঘরে শন আপাতত নয়। কিন্তু তাঁর ‘অন্যরকম কামব্যাক’ ঠিক কী? সেই উত্তরেই এখন টলিপাড়ার চোখ!


