Aaj India Desk, কলকাতা: কলকাতায় বেআইনি নির্মাণ (Illegal Construction) ভেঙে দেওয়ার পরও একই জায়গায় ফের নির্মাণ কাজ শুরু করার অভিযোগ উঠল। এই ঘটনায় কলকাতা পুরসভার (KMC) কমিশনার স্মীতা পাণ্ডেকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে ভাঙা জায়গায় আবার নির্মাণ শুরু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। মামলার শুনানিতে পুরসভার আইনজীবীর বক্তব্য ও মামলার বিষয়ে তাঁর অজ্ঞতায় অসন্তোষ প্রকাশ করে আদালত। পরিস্থিতি খতিয়ে দেখতেই পুর কমিশনারকে সরাসরি তলব করা হয়।
শুনানির সময় প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তিনি জানান, বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি এবং নভি মুম্বই-সহ একাধিক পুরনিগমের মামলা দেখার সময় তিনি লক্ষ্য করেছেন, অনেক ক্ষেত্রেই কমিশনারদের কাছে মাঠপর্যায়ের সমস্ত তথ্য পৌঁছয় না। ফলে শহরের কোথায় কী হচ্ছে, তার পুরো চিত্র অনেক সময় তাঁদের কাছে থাকে না।
এই মামলাতেও পুরসভার আইনজীবীর বক্তব্যে প্রয়োজনীয় তথ্যের অভাব ছিল বলে আদালত জানায়। সেই কারণেই বিষয়টির বাস্তব পরিস্থিতি জানতে পুর কমিশনারকে হাজির হতে হয়েছে বলে মন্তব্য করে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, কোনও বেআইনি নির্মাণ আদালতের নির্দেশে একবার ভেঙে দেওয়া হলে, সেখানে যাতে ফের নির্মাণ কাজ শুরু না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুর প্রশাসনের। শুধু নির্মাণ ভেঙে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, পরবর্তীতে সেখানে নতুন করে কাজ হচ্ছে কি না, সেটিও নজরে রাখতে হবে।
আগামী ১৪ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হবে। সেদিন বেআইনি নির্মাণ ভাঙার পর ফের যাতে সেখানে নির্মাণ না হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কলকাতা পুরসভা কী পদক্ষেপ নিয়েছে, তার একটি রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


