Aaj India Desk,পূর্ব বর্ধমান: কৃষকদের আয় ও উৎপাদন খরচের বিষয়টি সামনে রেখে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কৃষি, সেচ ও বিদ্যুৎ সংক্রান্ত বেশ কয়েকটি সুবিধার কথা জানান তিনি। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে নতুন পরিকাঠামো তৈরির কাজ নিয়েও একাধিক প্রকল্পের সূচনা হয়।
সেচের বিদ্যুতে মিলবে ভর্তুকি
চাষের কাজে ব্যবহৃত বিদ্যুতের খরচ কমাতে ইউনিটপিছু ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের চার লক্ষের বেশি কৃষক এর সুবিধা পাবেন। এই খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে। সেচের জন্য বিদ্যুৎ ব্যবহারে একজন কৃষকের বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে বলেও সভা থেকে জানানো হয়।
PM Kisan-এ আরও ৩ হাজার টাকা
কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রে PM Kisan Samman Nidhi-র আওতা বাড়ানোর কথা জানান শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, যাচাইয়ের পর নতুন কৃষকদের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রের দেওয়া বছরে ৬ হাজার টাকার সঙ্গে রাজ্যের তরফে আরও ৩ হাজার টাকা যুক্ত করা হবে। ফলে যোগ্য কৃষকের হাতে বছরে মোট ৯ হাজার টাকা পৌঁছবে বলে জানান তিনি।
একইসঙ্গে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধাভোগীদের পুনর্মূল্যায়নের কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
ধানের দাম নিয়ে বড় ঘোষণা
ধান বিক্রির ক্ষেত্রেও কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পাঁচ একর পর্যন্ত জমির মালিক কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ২৭০০ টাকা দরে ধান কেনার কথা জানান শুভেন্দু। ফড়ে বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে নয়, সরকারি ব্যবস্থায় সরাসরি ধান কেনার বার্তাও দেন তিনি।
১০০ কুইন্টাল ধান বিক্রি করলে কৃষকদের অতিরিক্ত ২০ হাজার টাকা উৎসাহভাতা দেওয়ার কথাও সভা থেকে ঘোষণা করা হয়।
আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ
ধানের পাশাপাশি আলুচাষিদের সমস্যাও উঠে আসে এ দিনের বক্তব্যে। সারের কালোবাজারি, সংরক্ষণ এবং বাজারদর নিয়ে অতীতে চাষিদের সমস্যার কথা উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে আলুচাষিদের জন্য বিশেষ ভর্তুকি ও প্যাকেজ আনার কথা জানান মুখ্যমন্ত্রী।
পরিকাঠামোতেও একাধিক প্রকল্প
কৃষি সংক্রান্ত ঘোষণার পাশাপাশি পূর্ব বর্ধমানের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরা হয়। ভাতারে ১২৩ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একাধিক পরিকাঠামো প্রকল্পের সূচনা হয়েছে। পাশাপাশি প্রায় ৩৩ কোটি টাকার তিনটি পৃথক রাজ্য প্রকল্পের উদ্বোধন করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর ও বিষ্ণুপুরে বিদ্যুৎ সাব-স্টেশন এবং পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ায় ইডেন খালের উপর নতুন সেতুরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সভা থেকে ১২৫ দিনের ‘জি রাম জি’ কাজ, অন্নপূর্ণা, আবাস, আয়ুষ্মান ভারত এবং জল জীবন মিশনের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি (UCC), ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ সংক্রান্ত আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানান শুভেন্দু।


