27.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

আন্দোলনের চাপে শুরু ‘সংস্কার’ ? NTA-তে এক ধাক্কায় বরখাস্ত ৪৭ আধিকারিক!

Aaj India Desk, নয়া দিল্লি : প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে প্রবল বিক্ষোভ ও আন্দোলনের আবহেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-তে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল কেন্দ্র। এক ধাক্কায় বরখাস্ত করা হয়েছে সংস্থার ৪৭ জন আধিকারিক। একইসঙ্গে, কিছু আধিকারিকের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপের প্রস্তুতিও চলছে। এর মধ্যেই প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর শাস্তির বিধান রেখে নতুন সংশোধনী বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। (Exam reforms)

সরকারি সূত্রের দাবি, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এনটিএ-র কাঠামোগত সংস্কারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে সংস্থার কার্যপ্রণালীতে আরও একাধিক সংশোধনী ও প্রশাসনিক পদক্ষেপ ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

আন্দোলনের আবহে সরকারের পদক্ষেপ

NEET প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই বিক্ষোভের মধ্যেই এনটিএ-তে প্রশাসনিক রদবদল এবং প্রশ্নফাঁস বিরোধী কঠোর আইন আনার উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Exam reforms)

কঠোর হচ্ছে প্রশ্নফাঁস বিরোধী আইন

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা The Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এ সংশোধনের খসড়া অনুমোদন করেছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁসে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সংগঠিত প্রশ্নফাঁস চক্রের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হতে পারে। সে ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান আইনে সাধারণ প্রশ্নফাঁসের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সংগঠিত চক্রের ক্ষেত্রে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১ কোটি টাকা জরিমানার বিধান কার্যকর রয়েছে। (Exam reforms)

পরীক্ষার্থীদের সুরক্ষায় জোর

সরকারের দাবি, সংশোধিত আইন মূলত প্রশ্নফাঁস ও সংগঠিত জালিয়াতি চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যই আনা হচ্ছে। কোনও পরীক্ষার্থীকে এই আইনের আওতায় শাস্তির মুখে পড়তে হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এই আইন UPSC, SSC-সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা এবং NEET, JEE, CUET-এর মতো জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস ও অসাধু উপায় রোধ করতেই ব্যবহার হবে।

প্রশাসনিক রদবদল, সম্ভাব্য ফৌজদারি ব্যবস্থা এবং প্রশ্নফাঁস বিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র। এখন সংশোধনী বিল সংসদে পাস হয় কিনা এবং এনটিএ-র সংস্কার প্রক্রিয়ার পরবর্তী ধাপ কি হয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন