Aaj India Desk, নয়াদিল্লি : নির্বাচন কমিশন (Election Commission of India) ঘিরে বিতর্কের মধ্যেই এবার বিষয়টি পৌঁছল দেশের শীর্ষ আদালতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়ায় একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অন্য সদস্যদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি এমনই অভিযোগ তোলা হয়েছে আবেদনে।
কী রয়েছে মামলায়?
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী (Shailendra Mani Tripathi) এই মামলা দায়ের করেছেন। তাঁর আবেদনে দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের নেওয়া কয়েকটি সিদ্ধান্ত, নির্দেশিকা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাংবিধানিক ও আইনি বৈধতা খতিয়ে দেখা হোক। একইসঙ্গে বিতর্কিত সিদ্ধান্তগুলি বাতিলের আবেদনও জানানো হয়েছে।
মামলায় নির্বাচন কমিশনের আরও কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গর্গ (Manish Garg) এবং আইটি বিভাগের প্রধান সীমা খান্না (Seema Khanna)।
Form 6 নিয়ে আপত্তি কোথায়?
নতুন ভোটারদের তালিকায় নাম তোলার জন্য ব্যবহৃত Form 6-এ সাম্প্রতিক পরিবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, নতুন ব্যবস্থায় আবেদনকারীর পাশাপাশি তাঁর বাবা-মা এবং দাদা-দিদা বা ঠাকুরদা-ঠাকুমার নাম আগের SIR-এর ভোটার তালিকায় ছিল কি না, সেই তথ্য চাওয়া হয়েছে।
The Indian Express-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে আবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু (Sukhbir Singh Sandhu) এবং বিবেক জোশী (Vivek Joshi) এই পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
১৩ কোটি ভোটার নিয়ে তদন্তের দাবি
SIR প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগেরও তদন্ত চাওয়া হয়েছে। ভোটার তালিকা তৈরির পদ্ধতি, বাদ পড়া নাম, পরে পুনরায় যুক্ত হওয়া ভোটার এবং ব্যবহৃত সফটওয়্যার সবকিছু খতিয়ে দেখতে SIT (Special Investigation Team ) গঠনের আবেদন করা হয়েছে।
তবে মামলায় ওঠা অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, SIR, Form 6, Form 8 এবং নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সম্মতিতেই নেওয়া হয়েছে। ফলে অভিযোগ এবং কমিশনের বক্তব্য দুই পক্ষের অবস্থানই এখন সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


