Aaj India Desk, কলকাতা: অবশেষে কি বাড়তে চলেছে বেসরকারি বাসের ভাড়া (Private Bus Fare)? দীর্ঘদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বাস মালিকরা। এবার সেই দাবির যৌক্তিকতা মেনে নিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর মতে, ভালো পরিষেবা দিতে হলে বাসের ভাড়া বাড়ানো প্রয়োজন। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, বাস মালিকদের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে পরিবহণ দফতর।
তবে ঠিক কত টাকা ভাড়া বাড়বে এবং কবে থেকে নতুন ভাড়া কার্যকর হবে, তা এখনও ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন সিং জানান, বাস মালিকদের এসি বাস চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি, মালিকরা চাইলে নিজেদের বাস সরকারকে দিতে পারেন। সেক্ষেত্রে সরকারি চালক ও কন্ডাক্টর সেই বাস চালাবেন। কিলোমিটার অনুযায়ী বাস মালিকদের টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে পুরনো ও ভাঙাচোরা বাস রাস্তায় চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
অন্যদিকে, বাস ভাড়া বাড়ানোর দাবিতে কিছুদিন আগেই পরিবহণ দফতরে স্মারকলিপি জমা দিয়েছিল ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’। সংগঠনের দাবি, ২০১৮ সালে শেষবার বাস ভাড়া বাড়ার সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৮ টাকা। বর্তমানে সেই দাম বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। বাস চালানোর অন্যান্য খরচও বেড়েছে। ফলে বর্তমান ভাড়ায় বাস চালিয়ে প্রায় ৬৯ শতাংশ লোকসান হচ্ছে বলে দাবি বাস মালিকদের।
এখন পরিবহণ দফতরের সমীক্ষা শেষ হওয়ার অপেক্ষা। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বাস মালিকদের সঙ্গে আলোচনার পরেই স্পষ্ট হবে, সাধারণ যাত্রীদের বাসে যাতায়াতের খরচ কতটা বাড়তে চলেছে।


