Aaj India Desk,নয়াদিল্লি: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষ করে রবিবার সকাল ১১টা নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi )। দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে তাঁর বিমান দিল্লি বিমানবন্দরে নামে। তবে বিমান নামার পরেও সঙ্গে সঙ্গে বিমানবন্দর ছাড়েননি তিনি। প্রায় ৪৫ মিনিট বিমানবন্দরেই অপেক্ষা করে প্রধানমন্ত্রীর কনভয়। দুপুর ২টোর পর তিনি নিজের বাসভবনের উদ্দেশে রওনা দেন।
এর কারণ ছিল নিট-ইউজি পরীক্ষা। প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট পরীক্ষার পুনঃপরীক্ষা রবিবার দুপুর ২টায় শুরু হয়। সেই সময় দিল্লির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে রাস্তায় ছিলেন হাজার হাজার পরীক্ষার্থী।
সাধারণত প্রধানমন্ত্রীর কনভয় বের হলে নিরাপত্তার কারণে অনেক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এতে ট্রাফিকের সমস্যা তৈরি হতে পারে। ফলে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হওয়ার আশঙ্কা ছিল।
পরীক্ষার্থীদের কথা ভেবেই প্রধানমন্ত্রী নির্দেশ দেন, পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত তাঁর কনভয় বিমানবন্দর থেকে বের হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর দুপুর ২টোর পরে তিনি বিমানবন্দর ছাড়েন।
গত ৩ মে হওয়া নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছিল। তাই রবিবার ফের পরীক্ষা নেওয়া হয়। এবার যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
দেশজুড়ে প্রায় ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। প্রতিটি কেন্দ্রে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সব ধরনের ইলেকট্রনিক জিনিস নিষিদ্ধ ছিল।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশজুড়ে প্রায় ২ লক্ষ কর্মী ও আধিকারিক মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি হাজার হাজার পর্যবেক্ষক ও সিসিটিভির মাধ্যমে গোটা পরীক্ষা প্রক্রিয়ার ওপর নজর রাখা হয়।


