Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের দীর্ঘদিনের কর্মী ঘাটতি কাটাতে এবার নিয়োগ প্রক্রিয়ায় জোর দিতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন,পুলিশের বিভিন্ন স্তরে প্রায় ৪৩ হাজার পদ এখনও পূরণ হয়নি। এই শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, পর্যাপ্ত কর্মী না থাকায় বেশ কিছু জায়গায় থানার কাজ চালাতে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা বেড়েছে।
জনসংখ্যার তুলনায় রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, এক লক্ষ মানুষের জন্য পশ্চিমবঙ্গে গড়ে ১০৬ জন পুলিশকর্মী রয়েছেন। আগামী দিনে সেই সংখ্যা বাড়িয়ে ২০০ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু বর্তমানে খালি থাকা পদ পূরণ করলেই হবে না, প্রয়োজন অনুসারে ভবিষ্যতে আরও নিয়োগের রাস্তা খুলতে হতে পারে।
পুলিশি যানবাহন ব্যবস্থাতেও রয়েছে বড় ঘাটতি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য পুলিশের প্রায় চার হাজার গাড়ি পরিবর্তন করা দরকার। আর্থিক কারণে একবারে এত গাড়ি কেনার বদলে পর্যায়ক্রমে নতুন গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর প্রায় এক হাজার করে গাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
সাধারণ মানুষের জরুরি ফোনে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে দীর্ঘ সময় লাগছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী থানাপিছু ‘১১২’ জরুরি পরিষেবার জন্য চারটি করে গাড়ি রাখার পরিকল্পনার কথা জানান। পরবর্তী বাজেটে আরও দু’টি গাড়ি দেওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। মহালয়ার দিন নতুন গাড়িগুলির পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
নারী ও শিশু সংক্রান্ত অপরাধের তদন্তে মহিলা থানাগুলির পরিকাঠামো উন্নত করার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সিভিল ডিফেন্সের অধীনে ২০০ সদস্যের ‘অর্জুন’ বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮০ জন প্রাক্তন সেনাকর্মীকে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে অগ্নিবীরদেরও এই বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে পুলিশে নিয়োগের পাশাপাশি পরিকাঠামো ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও একাধিক পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে।


