27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

ডিমের বদলা এবার পিস্তলে? ‘আঘাত এলেই জবাব দেওয়া’র হুঁশিয়ারি কীর্তি আজাদের!

Aaj India Desk, কলকাতা : বর্ধমান-দুর্গাপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে সোমবার রাজ্য রাজনীতি, বিজেপি এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি জানান, আত্মরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নেওয়ার উদ্যোগ করছেন তাঁরা। তাঁর দাবি, আঘাত এলে তার জবাবও দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি।

‘ভয়ে পিছিয়ে যাওয়ার লোক নই’

সম্প্রতি রাজ্যের কয়েকটি জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গেই কীর্তি আজাদ (Kirti Azad) বলেন, “স্কুলে তো ডিম দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন তারা মানুষকে ডিম মারছে! আমরা কিন্তু ভয়ে পিছিয়ে যাওয়ার লোক নই।”

এরপর আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আত্মরক্ষার অধিকার সবারই আছে। তাই আমরাও নিজেদের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি।” তাঁর বক্তব্য, তাঁদের উপর কেউ আঘাত করলে তার জবাব দেওয়া হবে।

বিজেপিকে নিশানা কীর্তির

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের ক্রিকেট জীবনের কথাও তুলে ধরেন কীর্তি আজাদ (Kirti Azad)। তিনি বলেন, তাঁরা দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এবং দেশের সম্মানের জন্য লড়াই করেছেন। তাই কাউকে ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন তিনি। ফোনে কে, কার চাপে কী বলেছেন, সেই বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে বলে দাবি করেন কীর্তি। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি ‘রাক্ষসরাজ’ শব্দও ব্যবহার করেন।

‘গলিতে গলিতে ডাকাত ঘুরছে’

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও সরব হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ। রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক ঘটনাগুলির প্রসঙ্গ টেনে বাংলার পরিস্থিতির সঙ্গে আফ্রিকার তুলনা করেন তিনি। কীর্তি আজাদের কথায়, “আফ্রিকাতে সমুদ্রে জলদস্যু দেখা যায়, আর এখানে গলিতে গলিতে ডাকাত ঘুরে বেড়াচ্ছে।”

পুজোর পর বড় কর্মসূচির ইঙ্গিত

সোমবার দিনভর বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেন কীর্তি আজাদ। সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা ছিল তাঁর। মঙ্গলবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুজোর পর তৃণমূল কংগ্রেস বড় কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কীর্তি আজাদ। তবে সেই কর্মসূচি কবে এবং কীভাবে হবে, তার বিস্তারিত এখনও জানানো হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন