27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

শেষ চিঠি ঘিরেই জমছে রহস্য? আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফরেন্সিক দল!

Aaj India Desk, বীরভূম : পাঁচবারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন রাজ্য মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত আরও জোরদার করল পুলিশ। সোমবার তাঁর রামপুরহাটের বাড়িতে পৌঁছে ঘরটি পরীক্ষা করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। একই দিনে প্রয়াত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ফরেন্সিক দলের নমুনা সংগ্রহ

রবিবার সকাল ৭টা নাগাদ আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) ঝুলন্ত দেহ তাঁর বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয়। তদন্তের স্বার্থে পুলিশ ঘরটি টেপ দিয়ে সিল করে রেখেছিল। সেখানে সাধারণের প্রবেশও নিষিদ্ধ করা হয়। সোমবার দুপুরে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল ওই ঘরে পৌঁছয়। তাঁরা ঘরটি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। তদন্ত চলায় ফরেন্সিক দলের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি।

পরিবারের সঙ্গে দেখা বিজেপির

আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee).মৃত্যুর পর সোমবার তাঁর বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল। দলে ছিলেন বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং মহিলা মোর্চার জেলা সভাপতি রশ্মি দে। প্রতিনিধি দলের সদস্যরা আশিসবাবুর ছেলে শতদল বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।

শিক্ষককে হারিয়ে প্রাক্তন ছাত্র বিধায়ক

আশিস বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক ছিলেন। ধ্রুব সাহার বাংলা বিষয়ের শিক্ষকও ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে দু’জনের সম্পর্কের আরেকটি দিক তৈরি হয় গত বিধানসভা নির্বাচনে। সেই নির্বাচনে নিজের প্রাক্তন শিক্ষক আশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রামপুরহাটের বিধায়ক হন ধ্রুব সাহা।

ময়নাতদন্তে কী উঠে এসেছে?

রবিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর তারাপীঠ শ্মশানে আশিস বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার দিকেই ইঙ্গিত মিলেছে। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত কোনও মন্তব্য করতে চাইছে না। তদন্তের অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার চিঠি ঘিরেও তদন্ত

ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে সেটিকে ‘সুইসাইড নোট’ বলে মনে করা হচ্ছে। তবে চিঠিটির সত্যতা, সেটি কার লেখা এবং মৃত্যুর আগে আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও ধরনের মানসিক চাপ ছিল কি না সবই খতিয়ে দেখছে পুলিশ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ফরেন্সিক পরীক্ষা, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই স্পষ্ট হবে বলে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন