Aaj India Desk, কলকাতা: বিশ্ব যোগ দিবসের পর কলকাতায় (kolkata) ফের বসতে চলেছে বড় মাপের আন্তর্জাতিক অনুষ্ঠান (International Event)। ২০২৭ সালের জানুয়ারিতে শহরে আয়োজিত হতে চলা এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একাধিক হোটেল বুকিংয়ের (Hotel Booking) পাশাপাশি অতিথিদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিরও সংস্কার ও সৌন্দর্যায়নের পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রের খবর, আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে মিশন ইন্ডিয়া এনার্জি উইক (India Energy Week)। এই আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ৯০টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং এই ক্ষেত্রগুলিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
জানা গিয়েছে, সৌদি আরব-সহ প্রায় ৯০টি দেশ এই অনুষ্ঠানে অংশ নিতে পারে। পাশাপাশি ৭০০-র বেশি তেল ও জ্বালানি সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অংশগ্রহণকারী সংস্থাগুলির জন্য আলাদা আলাদা জোনও রাখা হবে। বিদেশি ও ভিনরাজ্যের অতিথিদের থাকার ব্যবস্থা করতে কলকাতার (Kolkata) একাধিক হোটেল বুকিংয়ের কাজ শুরু হয়েছে।
এই আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে কলকাতার রাস্তা নিয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে সম্মেলনস্থল এবং বিভিন্ন হোটেলে যাওয়ার পথে যাতে অতিথিদের কোনও সমস্যা না হয়, সেই কারণে সংশ্লিষ্ট রাস্তা ও আশপাশের এলাকার পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই মাঠে নেমেছেন পূর্ত দফতরের আধিকারিকরা। শনিবারই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করার কথা তাঁদের। কোথায় সংস্কার প্রয়োজন, কোথায় সৌন্দর্যায়ন করা দরকার এবং অতিথিদের যাতায়াত কীভাবে আরও সহজ করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ, অনুষ্ঠান শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও অগস্ট থেকেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ২০২৭-এর জানুয়ারিতে ৯০ দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে এবার নতুন সাজে দেখা যেতে পারে কলকাতাকে।


