Aaj India Desk, কলকাতা : রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে (Rose valley Scam) আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া চললেও এখনও বিপুল অর্থ অপরিশোধিত। এবার সেই প্রক্রিয়া দ্রুত শেষ করতে কলকাতা হাই কোর্টে বড় প্রস্তাব দিল রাজ্য সরকার। এক বছরের মধ্যে রোজ ভ্যালির ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যসচিবের রিপোর্টে এই প্রস্তাব জানানো হয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। রাজ্যের বক্তব্য, পুরো প্রক্রিয়াই হাই কোর্টের নজরদারিতে হওয়া উচিত।
১৭,৫২০ কোটির মধ্যে বাকি কত?
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হিসাব অনুযায়ী, রোজ ভ্যালি (Rose valley Scam) গোষ্ঠী প্রায় ১৭,৫২০ কোটি সংগ্রহ করেছিল। এর মধ্যে প্রায় ১০,৮৫৪ কোটি আগে ফেরত দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এখনও প্রায় ৬,৬৬৬ কোটি টাকা অপরিশোধিত। অন্যদিকে, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১৬টি পর্যায়ে ১,৭৩,৩৫০ জন আমানতকারীকে প্রায় ১২৭.৬৯ কোটি ফেরত দেওয়া হয়েছে। ফলে মোট বকেয়া অর্থের তুলনায় সাম্প্রতিক রিফান্ডের পরিমাণ এখনও অনেকটাই কম।
সম্পত্তি বিক্রিই ভরসা
আমানতকারীদের টাকা ফেরাতে রোজ ভ্যালির (Rose valley Scam) সংযুক্ত সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। হোটেল, রিসর্ট, জমি-সহ বিভিন্ন সম্পত্তি আদালতের অনুমতি নিয়ে SEBI-র মাধ্যমে নিলামেও তোলা হয়েছে। ED-এর হিসাবে সংযুক্ত সম্পত্তির book value প্রায় ১,৫৬৮ কোটি। ২০২৫ সালে প্রায় ৫১৭ কোটি ADC-র হাতে আসার পর রিফান্ড প্রক্রিয়ায় গতি আসে। তবে উদ্ধার হওয়া অর্থের পুরোটা এখনও আমানতকারীদের হাতে পৌঁছয়নি।
এবার এক বছরের লক্ষ্যমাত্রা
এই পরিস্থিতিতে রাজ্যের প্রস্তাব, ২১টি হোটেল-সহ রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি এক বছরের মধ্যে বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের মধ্যে বিতরণ করা হোক। রাজ্য সরকার চাইছে, সম্পত্তি বিক্রি থেকে শুরু করে টাকা ফেরানো পর্যন্ত প্রতিটি ধাপই হাই কোর্টের নজরদারিতে সম্পন্ন হোক। এখন এই প্রস্তাব নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই নজর আমানতকারীদের। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে চলা রোজ ভ্যালি রিফান্ড প্রক্রিয়ায় গতি আসতে পারে।


