Aaj India Desk, নয়া দিল্লি : মাসের শুরুতেই বাড়তি খরচের ইঙ্গিত মিলেছিল আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সোমবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। দেশের বিভিন্ন মহানগরে ফের বাড়লো ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর তার প্রভাবের জেরেই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। (LPG Price Hike)
কোন শহরে কত দাম?
নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম হয়েছে ৩,১১৩.৫০ টাকা। মুম্বইয়ে ৩,০৬৭ টাকা এবং চেন্নাইয়ে ৩,২৮৩ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে দাম বেড়েছে মোট ৪২ টাকা করে। তবে কলকাতায় এই মূল্য বৃদ্ধির পরিমাণ সবথেকে বেশি। কলকাতায় একটি ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকা। অর্থাৎ একদিনে বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫৩.৫০ টাকা। (LPG Price Hike)
হোটেল-রেস্তোরাঁ খাতে চাপ
বাণিজ্যিক LPG মূলত হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। ফলে নতুন মূল্যবৃদ্ধির কারণে এই খাতগুলির মাসিক জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী মাসগুলিতেও LPG-র দামে চাপ বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু বড় রেস্তোরাঁ বা হোটেল নয়, ছোট খাদ্য ব্যবসায়ীদেরও এই মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে। ৫ কেজির ফ্রি ট্রেড LPG (FTL) সিলিন্ডারের দামও ১১ টাকা বেড়েছে। দিল্লিতে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৮২১.৫০ টাকা। চা-স্টল, ফাস্ট ফুডের দোকান এবং ক্ষুদ্র খাদ্য ব্যবসার ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ সরাসরি পরিচালন ব্যয় বাড়াতে পারে। (LPG Price Hike)
অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ গ্রাহকদের ব্যবহৃত ১৪.২ কেজির গৃহস্থালি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। কলকাতায় গৃহস্থালি LPG সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা এবং দিল্লিতে ৯১৩ টাকাই রয়েছে। তবে গৃহস্থালি LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকাকে সরকারি ও তেল সংস্থার তরফে স্বস্তির খবর হিসেবে তুলে ধরা হলেও, বাস্তবে সাধারণ পরিবারের জন্য রান্নার গ্যাসের বর্তমান দাম এখনও যথেষ্ট বেশি। বর্তমান গ্যাসের দাম বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচে উল্লেখযোগ্য চাপ তৈরি করে। ফলে দীর্ঘদিন ধরে উচ্চ স্তরে থাকা গ্যাসের দাম সাধারণ মানুষের জন্য এখনও উদ্বেগের কারণ হয়ে রয়েছে।


