কলকাতা: অভয়া (Abhaya) ধর্ষণ ও খুন মামলায় নতুন করে চাঞ্চল্য। অভয়ার বাবার দাবি, রাজ্যের এক প্রাক্তন ফরেনসিক আধিকারিক তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক ভিসেরা নমুনা নষ্ট করেছেন। ওই চিঠিতে আরও উল্লেখ রয়েছে বলে পরিবারের দাবি, প্রভাবশালীদের নির্দেশেই এই নমুনা নষ্ট করা হয়েছিল।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভয়ার ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে। পরিবারের দাবি, তদন্তের স্বার্থে অভয়ার (Abhaya) লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়েছিল, যাতে তাঁর শরীরে বিষক্রিয়া বা ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল কি না, তা পরীক্ষা করা যায়। কিন্তু অভিযোগ, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক সেই নমুনা বদলে দেন। শুধু তাই নয়, রাজ্য ফরেনসিক পরীক্ষাগার থেকে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর সময়ও নমুনা পরিবর্তন করা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে।
অভয়ার (Abhaya) পরিবারের আইনজীবীরা জানিয়েছেন, এই চিঠিটি শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালতের কাছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হবে।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল সরকারের আমলে খুন হওয়া বিজেপি ও সিপিএম কর্মীদের একাধিক মামলাতেও একই তিন ফরেনসিক কর্মী ভিসেরা নমুনা নষ্ট করেছিলেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফরেনসিক কর্তৃপক্ষ বা অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


