দক্ষিণ ২৪ পরগণা: মাইলের পর মাইল ম্যানগ্রোভ কেটে, নদীর চর দখল করে গড়ে উঠেছিল বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কূলে’। নাম শুনে মনে হতে পারে প্রকৃতির কোলে শান্তির ঠিকানা। কিন্তু অভিযোগ বলছে, প্রকৃতির কোলটাই নাকি আগে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) ছেলে ইমরান মোল্লা (Imran Molla)।
একদিকে নদী, অন্যদিকে লাক্সারি কটেজ, পার্ক, আড্ডা আর খাওয়াদাওয়ার জমজমাট ব্যবস্থা, সব মিলিয়ে যেন ‘প্রকৃতিকে বাঁচিয়ে প্রকৃতির ব্যবসা’-র এক অভিনব মডেল। কিন্তু আদপে টা ছিল মাতলার চড় দখল করে গাছ কেটে তৈরি করা বিধায়কের ছেলের ‘অবৈধ সাম্রাজ্য’! দিন গড়িয়েছে, ব্যবসাও নাকি কোটির ঘর ছুঁয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত সেই ‘অরণ্যের কূলে’ই পৌঁছে গেল বুলডোজার। প্রশাসনের তরফে আগেই সতর্ক করা হয়েছিল। ক্যানিংয়ের মহকুমাশাসক বেআইনি নির্মাণের অভিযোগে ‘অরণ্যের কূলে’ ক্যাফে ভাঙার নোটিশ জারি করেছিলেন। সেই নোটিশের ভিত্তিতেই বৃহস্পতিবার শুরু হল উচ্ছেদ অভিযান।
অভিযোগ, ক্যানিং-১ ও ক্যানিং-২ ব্লককে সংযোগকারী মৌখালি সেতুর সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ কেটে ক্যাফেটি তৈরি করেছিলেন প্রাক্তন বিধায়কের ছেলে ইমরান (Imran Molla)। গত শুক্রবার ক্যাফে কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। প্রশাসনের দাবি, জমা দেওয়া নথি খতিয়ে দেখে দেখা যায়, মাতলা নদীর চরে সেচ দফতরের জমি দখল করে গড়ে তোলা হয়েছিল এই বিশাল ক্যাফেটি, যার কোনও বৈধ অনুমোদন ছিল না। সেই কারণেই বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করে ভাঙার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।


