Aaj India Desk, মুম্বাই :মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) । বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে তিনি ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন। তবে এবার তাঁর পারফরম্যান্স নয়, বরং নতুন দায়িত্বকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ২০২৬-২৭ মরশুমের দলীপ ট্রফিতে ইস্ট জোন দলের সহ-অধিনায়ক করা হয়েছে বৈভবকে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহলের প্রশ্ন তুলতে শুরু করেছে, এত অল্প বয়সে তাঁকে নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত।
প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, বৈভবের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু সিনিয়র লাল বলের ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা এখনও খুবই সীমিত। ভোগলের মতে, একজন তরুণ ক্রিকেটারের জন্য আগে দীর্ঘ সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করাই বেশি গুরুত্বপূর্ণ। এরপর নেতৃত্বের দায়িত্ব এলে সেটাই হবে স্বাভাবিক অগ্রগতি।
ভোগলের মন্তব্যের পর সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই তাঁর মতের সঙ্গে একমত হয়ে বলেছেন, অল্প বয়সে নেতৃত্বের চাপ ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটারের বিকাশে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ আবার ভারতের প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে মনে করিয়ে দিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব সব ক্রিকেটারের ক্ষেত্রে সমানভাবে ইতিবাচক প্রভাব ফেলে না। তাই বৈভবকে আরও কিছু সময় শুধুমাত্র নিজের খেলায় মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়াই উচিত বলে মত তাঁদের।
উল্লেখ্য, ২৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৬-২৭ মরশুমের দলীপ ট্রফি, যা ভারতের ঘরোয়া ক্রিকেটের মরশুমের সূচনা করবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্ট জোন ও নর্থ জোন। ইশান কিষাণের নেতৃত্বাধীন ইস্ট জোন দলে রয়েছেন মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সেই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বৈভব সূর্যবংশী। এখন নজর থাকবে, এই নতুন দায়িত্বের পাশাপাশি মাঠের পারফরম্যান্সে তিনি কতটা সফল হতে পারেন।


