Aaj India Desk, নয়াদিল্লি: যন্তর মন্তরে (Jantar Mantar Protest) ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনকারীদের উপর পুলিশের পদক্ষেপ ঘিরে গত কয়েকদিন ধরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর বলে কড়া প্রতিক্রিয়া জানালেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant)। শুক্রবার আদালতে তিনি স্পষ্ট করে বলেন, সিজেপি আন্দোলনকারীদের ঘটনা নিয়ে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে কোনও মামলাই দায়ের হয়নি। তাই আদালত সেই আবেদন খারিজ করেছে বলে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।
শুক্রবার অন্য একটি মামলার শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার উপস্থিতিতে এই প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি নিজেই। তিনি বলেন, “গত দু’দিন ধরে সংবাদমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে একটি মামলা দায়ের হয়েছিল এবং প্রধান বিচারপতি তা তালিকাভুক্ত করতে অস্বীকার করেছেন। অথচ সকাল ১০টা পর্যন্ত সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি পাতাও জমা পড়েনি।”
প্রধান বিচারপতি জানান, বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর তিনি নিজেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করেন। তাঁর কথায়, “রেজিস্ট্রি থেকে আমি নিজে সত্যতা যাচাই করেছি। একটি পাতাও জমা পড়েনি। শুধু একটি প্রতিনিধিত্ব (representation) বা পত্র পাঠানো হয়েছিল। সেটা কীভাবে রিট পিটিশন হয়ে যায়?”
প্রসঙ্গত, বুধবার আইনজীবী নরেন্দ্র মিশ্র আদালতে মৌখিকভাবে আবেদন করেছিলেন, যাতে সিজেপি আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে। সেই সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, আদালতের পক্ষে এভাবে ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার সময় নেই।
অন্যদিকে, একই ঘটনায় দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, ২০ জুলাইয়ের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং সংশ্লিষ্ট নথি নিরাপদে সংরক্ষণ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর।
এদিকে আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মোড় এসেছে। টানা ২৬ দিন অনশন চালানোর পর কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসের ভিত্তিতে অনশন প্রত্যাহার করেছেন পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং স্বচ্ছতা নিয়ে আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হবে।
শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। তবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষা সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহির দাবিতে তাঁদের আন্দোলন থামছে না।


