Aaj lndia Desk, নয়াদিল্লি: নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার সরব হল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, পরীক্ষায় বারবার অনিয়মের অভিযোগ আর মেনে নেওয়া যাবে না। গোটা পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার বিস্তারিত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি পি. এস. নরসিমা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ শুনানিতে জানায়, এই মামলার অগ্রগতি আদালত নিজেই পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে ভবিষ্যতে কম্পিউটার-ভিত্তিক বা সম্পূর্ণ অনলাইন পরীক্ষার সম্ভাবনা নিয়েও কেন্দ্রের অবস্থান জানতে চায় আদালত। অনলাইন পদ্ধতিতে পরীক্ষা হলে প্রশ্নপত্র ও পরীক্ষার্থীদের তথ্য সুরক্ষিত রাখতে কী ধরনের প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে সরকার একাধিক দিক নিয়ে কাজ করছে। বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতের সামনে তুলে ধরতে কিছুটা সময়ও চান তিনি।
শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে প্রশ্নফাঁস বা একই ধরনের অনিয়মের সুযোগ না থাকে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ আগস্ট।
এদিকে, প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের বিক্ষোভে যোগ দিয়ে সমাজকর্মী সোনাম ওয়াংচুক দীর্ঘ অনশন শুরু করেছিলেন। পরে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন ও নজরদারির কথা বলেছেন। ফলে আদালতের পর্যবেক্ষণ, সরকারের প্রস্তুতি এবং চলমান আন্দোলন সব মিলিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।


