Aaj India Desk,কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা, প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং জমি সংক্রান্ত নানা অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূলের হেভিওয়েট নেতা অতীন ঘোষ (Atin Ghosh) – এর নাম।
এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অতীন ঘোষ, তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং জামাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্যন্ত কম দামে জমি ও বিলাসবহুল বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ইতিমধ্যেই অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরার নোটিস পাঠানো হয়েছে।
অভিযোগকারী বিধাননগরের বাসিন্দা এবং ‘দি শোভরাণী’ নামে একটি হোটেলের মালিক। তাঁর দাবি, ২০১৭ সালে অতীন ঘোষ যখন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ছিলেন, তখন ক্ষমতার অপব্যবহার করে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। ব্যবসায়ীর অভিযোগ, প্রগতি ময়দান থানা এলাকার একটি জমি ও বাড়ি নামমাত্র মূল্যে হস্তান্তর করতে বাধ্য করা হয় তাঁকে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মানসিক চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অন্ডাল, বিধাননগর এবং কলকাতার একাধিক সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। জমি ও বাড়ির রেজিস্ট্রি, ব্যাঙ্ক লেনদেন এবং মালিকানা বদলের সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, কোন পরিস্থিতিতে এবং কত টাকার বিনিময়ে সম্পত্তিগুলি হস্তান্তর করা হয়েছিল।
তদন্তের স্বার্থে অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইকেও শীঘ্রই জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অতীন ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


