22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

ভোটের অঙ্কে জেন জি-ই ভরসা! তরুণ প্রজন্মকে টানতে ডিজিটাল অস্ত্রে শান দিচ্ছে প্রদেশ কংগ্রেস

Aaj lndia Desk, নয়াদিল্লি: রাজনীতির ময়দানে এখন নতুন সমীকরণ জেন জি (Gen Z)। তরুণ প্রজন্মের সমর্থন পেতে তৎপর শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলই। এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে নারাজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও (West Bengal Pradesh Congress Committee)। তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এবার সোশ্যাল মিডিয়া প্রচারকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) নির্দেশ মেনে নতুন করে সাজানো হচ্ছে প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল।

ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে এক্স, সব প্ল্যাটফর্মেই জোর

ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), থ্রেডস (Threads) এবং এক্স (X) প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্মে দলের উপস্থিতি আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর (Suman Ray Chowdhury) বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক প্রচারের ধরনও বদলানো প্রয়োজন। তাঁর মতে, মিথ্যাচার, অর্থবল ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। রাহুল গান্ধীও (Rahul Gandhi) জেন জি-র পাশে রয়েছেন বলে দাবি তাঁর।

তরুণ ভোটারদের সংখ্যাই বাড়াচ্ছে গুরুত্ব

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রায় ৫০ কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মধ্যে প্রায় ৩৫ কোটির বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের কমপ্রিহেনসিভ মডিউলার সার্ভে (Comprehensive Modular Survey), ২০২৫-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ১৫ থেকে ২৪ বছর বয়সিরা। ফলে এই প্রজন্মের কাছে পৌঁছনোই এখন কংগ্রেসের অন্যতম লক্ষ্য।

প্রদেশ কংগ্রেস কমিটির সহকারী চেয়ারপার্সন রোহন মিত্রের (Rohan Mitra) কথায়, প্রত্যেক কর্মীর পক্ষে সব কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকা সম্ভব নয়। তাই সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়াতে ডিজিটাল ম্যাপিং এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বুথ এজেন্টদের আরও সক্রিয় করার উদ্যোগও রয়েছে।

২০২৯-এর ভোটে বড় ফ্যাক্টর হতে পারে জেন জি

রাজনৈতিক হিসাব বলছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় দেশে জেন জি ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। দেশের প্রতি চারজন ভোটারের একজন এই প্রজন্মের প্রতিনিধি হতে পারেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তরুণদের বিকশিত ভারতের স্বপ্নপূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধী গণতন্ত্র রক্ষায় তরুণদের দায়িত্বের কথা তুলে ধরেছেন।

জাতীয় স্তরে নির্বাচন কমিশন সংক্রান্ত আন্দোলনেও জেন জি-দের সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে। যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের উদ্যোগে পঞ্চায়েত টাস্ক ফোর্স কর্মসূচিও বাংলায় শুরু হয়েছে। নতুন মুখ খোঁজার প্রক্রিয়াও চলছে। রাজনৈতিক মহলের মতে, দুর্বল সাংগঠনিক ভিত মজবুত করতে তরুণ প্রজন্মকে পাশে পাওয়া প্রদেশ কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই সোশ্যাল মিডিয়াকে সংগঠন ও সমর্থকদের মধ্যে সংযোগের সেতু হিসেবে ব্যবহার করতে চাইছে তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন