Aaj India Desk, কলকাতা: সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) মামলায় এবার তদন্তে নেমে সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই কলকাতার মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। এই তালিকায় রয়েছেন ব্যবসায়ী বিকাশ গুপ্তও। তাঁর বাড়ি এবং অফিসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিকাশ গুপ্ত (Bikash Gupta) শেয়ার বাজারে টাকা বিনিয়োগের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, তাঁর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছিল। সেই টাকার সঙ্গে সব্যসাচী দত্তের আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান।
উল্লেখ্য, তোলাবাজি এবং খুনের অভিযোগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী দত্ত। তাঁকে গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়। পাশাপাশি কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসে।
তদন্তে আরও জানা যায়, ব্যবসায়ী এবং প্রোমোটারদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কালো টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইডি আলাদা করে ECIR নথিভুক্ত করে আর্থিক লেনদেনের তদন্ত শুরু করে।
এবার সেই তদন্তের সূত্র ধরেই সব্যসাচী ঘনিষ্ঠ ব্যবসায়ী বিকাশ গুপ্তের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। সব মিলিয়ে শুক্রবার মোট ১২টি জায়গায় চলছে এই অভিযান। যদিও বর্তমানে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন সব্যসাচী দত্ত।


