Aaj India Desk, কলকাতা : রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা শূন্যপদ (Vacancy) দ্রুত পূরণের পথে এগোতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। শনিবার প্রশাসনিক কাজকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আগামী ৩ জুনের মধ্যে সব দপ্তরের কাছে ‘ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট’ তলব করেছে অর্থ দপ্তর।
অতিরিক্ত প্রধান সচিব, প্রধান সচিব এবং সচিবদের উদ্দেশ্যে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, বহু সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে একাধিক পদ শূন্য (Vacancy) অবস্থায় রয়েছে। প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবং পরিষেবার মান উন্নত করতে এই শূন্যপদগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখা জরুরি বলেই মনে করছে সরকার।
প্রতিটি প্রশাসনিক দপ্তরকে ১ মে পর্যন্ত তাদের অধীনে থাকা সমস্ত শূন্যপদের (Vacancy) সংকলিত তথ্য জমা দিতে হবে। রিপোর্ট তৈরির জন্য নির্দিষ্ট এক্সেল ফরম্যাটও পাঠানো হয়েছে অর্থ দপ্তরের তরফে। এই রিপোর্টে মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস এবং আঞ্চলিক অফিস – এই তিন স্তরের শূন্যপদের তথ্য আলাদা আলাদা শিটে উল্লেখ করতে হবে। স্পষ্টভাবে জানানো হয়েছে, অর্থ দপ্তরের দেওয়া ফরম্যাটে কোনও পরিবর্তন করা যাবে না।
সম্পূর্ণ রিপোর্ট জমার প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা নোডাল অফিসারের সরকারি ইমেল আইডি থেকেই অর্থ দফতরের নির্দিষ্ট ইমেলে সফট কপি পাঠাতে হবে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ দ্রুত শেষ করতেই এই অনলাইন পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, সরাসরি নিয়োগের মাধ্যমে কোন কোন পদ পূরণের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার পক্ষে যথাযথ যুক্তি দেখাতে হবে। শুধুমাত্র সংখ্যা পাঠালেই চলবে না, কেন সেই পদ পূরণ জরুরি তাও ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও প্রয়োজনভিত্তিক মূল্যায়নের উপর জোর দিচ্ছে প্রশাসন।
বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী সংকট নিয়ে অভিযোগ রয়েছে। সেই পরিস্থিতিতে শূন্যপদ সংক্রান্ত এই রাজ্যব্যাপী পর্যালোচনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


