25 C
Kolkata
Saturday, May 9, 2026
spot_img

দুপুরে খাওয়া দেওয়া বন্ধ করলো ‘মা’ : ক্ষিদেয় কাতর অভুক্ত দিনমজুর

Aaj India Desk, কলকাতা : দুপুর গড়াতেই শহরের একাধিক জায়গায় দেখা যাচ্ছে বন্ধ শাটার ও ফাঁকা রান্নাঘর। যে কাউন্টারের সামনে প্রতিদিন লম্বা লাইন পড়ত শ্রমজীবী, রিকশাচালক, পথবাসী এবং নিম্ন আয়ের মানুষের, সেখানে এখন অপেক্ষা করেও মিলছে না খাবার। রাজ্য জুড়ে কার্যত বন্ধ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘মা ক্যান্টিন’ (Maa Canteen) পরিষেবা।

কী পরিষেবা দিত মা ক্যান্টিন ? 

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা’ প্রকল্প (Maa Canteen) চালু করেন। শহরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক মানুষদের স্বল্প খরচে রান্না করা পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই ছিল উদ্দেশ্য। উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হত ৫ টাকা, বাকি ১০ টাকা ভর্তুকি দিত রাজ্য সরকার। প্রথমে সাতটি পুরসভা ও জেলা সদর মিলিয়ে ৩৪টি শহর এলাকায় প্রকল্প চালু হলেও পরে তা বিস্তৃত হয় রাজ্যের সমস্ত পুর এলাকায়। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২৪৯টি মা ক্যান্টিন চালু ছিল।

সরকারি নথি বলছে, এখনও পর্যন্ত ১ কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। প্রতি মাসে প্রায় ১৪ লক্ষেরও বেশি মানুষ মা ক্যান্টিনে খাবার গ্রহণ করতেন। প্রকল্পের জন্য মোট অনুমোদিত ব্যয় ছিল ১১৫.৫৩ কোটি টাকা। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৯.২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। খাদ্য ভর্তুকি, রান্নার কর্মী, পরিকাঠামো এবং নজরদারির জন্য আলাদা খাতে অর্থ বরাদ্দ করা হয়েছিল।

বন্ধ পরিষেবা 

তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় উঠছে কাতর আর্জি। বহু দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষের বক্তব্য, বাজারে খাবারের দাম বাড়ার সময়ে এই পরিষেবা বন্ধ হওয়ায় তাঁদের দৈনন্দিন খরচে চাপ বাড়ছে। অনেকেই এখন কম খেয়ে বা না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ক্যান্টিনের কর্মচারীদের কথা অনুযায়ী, রাজ্যে পালাবদলের পর এখনও পর্যন্ত তাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। ফলে ক্যান্টিন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা। আজ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আগামী সোমবার বা মঙ্গলবার নতুন নির্দেশিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মানুষ।

নগর এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘মা ক্যান্টিন’ (Maa Canteen) ছিল গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে বহু বেকার ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এই পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমানে পরিষেবা বন্ধ থাকায় শহরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কবে আবার ক্যান্টিনগুলি চালু হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন উপভোক্তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন