25 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

বিজয়ার পর ভাইফোঁটাও বন্ধ! কাদের থেকে মুখ ফেরালেন মমতা? ব্যাখ্যা দিলেন কুণাল

Aaj India Desk, কলকাতা: একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ভাইফোঁটা ছিল রাজ্যের রাজনৈতিক মহলের অন্যতম আকর্ষণ। প্রতি বছর এই বিশেষ দিনে তাঁর বাড়িতে কারা আসছেন, কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তা নিয়ে চলত জোর আলোচনা। তৃণমূলের নেতা, মন্ত্রী থেকে শুরু করে শিল্পপতি এবং বিনোদন জগতের পরিচিত মুখদেরও দেখা যেত সেই অনুষ্ঠানে। এমনকী, কে আমন্ত্রণ পেলেন আর কে পেলেন না, তা দেখেও তৃণমূলের অন্দরের রাজনৈতিক সম্পর্কের সমীকরণ বোঝার চেষ্টা করতেন অনেকে।

তবে এবছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর অনেকটাই বদলে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। আর তার প্রভাব পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উৎসবের আয়োজনেও। এবার ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না বলেই জানা যাচ্ছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) সমাজমাধ্যমের পোস্ট থেকেই এই খবর সামনে এসেছে।

মঙ্গলবার রাতে ফেসবুকে কুণাল ঘোষ জানান, এবছর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা পালন করবেন না। এর আগে বিজয়ার অনুষ্ঠানও করেননি তিনি। কুণালের বক্তব্য, ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা, হেনস্থা, পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলায় গ্রেফতারের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। দলের কর্মীদের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই উৎসবের আনন্দ থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

কুণাল আরও জানিয়েছেন, পারিবারিক কালীপুজো বন্ধ করা সম্ভব নয় বলেই নিয়ম মেনে পুজো হয়েছে। তবে ভাইফোঁটাকে ঘিরে কোনও বিশেষ আয়োজন থাকবে না। কেউ দেখা করতে এলে আসতে পারেন, কিন্তু কাউকে ফোঁটা দেওয়ার অনুষ্ঠান এবার হচ্ছে না। এই বিষয়ে কোনও ভুল বোঝাবুঝি না রাখার কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতার ভাইফোঁটার অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো তাঁর ঘনিষ্ঠ নেতাদের। কিন্তু ভোটের পর রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে তাঁদের অনেকের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে বলে চর্চা চলছে। অন্যদিকে, মঙ্গলবার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দুর প্রশংসাও করেন বাবুন। পাশাপাশি নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ভাইফোঁটার অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয় না।

সব মিলিয়ে, একসময় যে ভাইফোঁটা ঘিরে মমতার বাড়িতে রাজনৈতিক নেতা ও বিশিষ্টদের ভিড় জমত, এবছর সেই ছবিতে বড়সড় বদল আসতে চলেছে। ক্ষমতা হারানোর পর দলের অন্দরের পরিস্থিতি এবং রাজনৈতিক পালাবদলের আবহে মমতার এই সিদ্ধান্ত এখন নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর আগের মতো ভিআইপিদের ভিড় দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন