Aaj India Desk, কলকাতা: বিয়ের খবর ঘিরে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কখনও হবু স্বামীর সঙ্গে ছবি, কখনও বিয়ের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনা। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করল একটি বিশেষ আমন্ত্রণপত্র। প্রকাশ্যে এল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিয়ের কার্ড। আর সেই কার্ডের নকশাতেই রয়েছে চমক।
বিয়ের কার্ডে বিশেষ চমক
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বরাবরই পশুপ্রেমী। তাঁর বাড়িতে রয়েছে একাধিক পোষ্য। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গিয়েছে বিয়ের কার্ডে। বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি জায়গা পেয়েছে মিমির তিন পোষ্য সারমেয়ও। অর্থাৎ, জীবনের বিশেষ মুহূর্তেও নিজের প্রিয় চারপেয়ে সদস্যদের বাইরে রাখেননি অভিনেত্রী।
ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়ার জল্পনা
আগামী ডিসেম্বরেই শৈলশহরে বসতে পারে মিমি ও সিদ্ধার্থের বিয়ের আসর। জানা গেছে, কোনো পরিচালক বা পর্দার নায়ক নন, বরং ভারতীয় নৌ বাহিনীর কর্মী সিদ্ধার্থই মিমির (Mimi Chakraborty) হবু বর। নভেম্বরেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আইনি বিয়ে সম্পন্ন হতে পারে তাঁদের। এরপর ডিসেম্বর মাসে অগ্নিসাক্ষী করে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে।
বিয়ের প্রস্তুতি কি শুরু?
শুধু তাই নয়, মিমির বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি, সবই চলছে জোরকদমে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছে মিমিকে। ফলে বিয়ের প্রস্তুতি নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
তবে বিয়ের খবর নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ। এমনকী প্রকাশ্যে আসা কার্ডটি বিয়ের আমন্ত্রণপত্র, নাকি রিসেপশনের কার্ড, তা-ও স্পষ্ট নয়। ফলে বিয়ের খবর নিয়ে জল্পনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব মিলিয়ে, বিয়ের কার্ডে তিন পোষ্যকে জায়গা দেওয়ার অভিনব ভাবনাই এখন বিশেষভাবে নজর কাড়ছে। অনুরাগীদের অপেক্ষা এবার মিমির তরফে আনুষ্ঠানিক ঘোষণার।


