Aaj India Desk, মুম্বাই: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি থেকে শুরু করে মুম্বই বিমানবন্দর, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং মেয়রের কার্যালয়—মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খালিস্তান ন্যাশনাল আর্মির নাম করে একটি ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। সেই ইমেলে মুম্বইয়ের জুহুতে অমিতাভের বাড়ি ‘জলসা’-কেও নিশানা করার কথা বলা হয়েছে। এমনকী, সেখানে গাড়ি বোমা বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
শুধু বচ্চনের বাড়ি নয়, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত এবং মেয়রের দফতরে হামলার পরিকল্পনার কথাও ইমেলে জানানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী স্টেডিয়ামে হামলা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া কিংবা রাস্তায় পড়ে থাকা আইফোন কুড়িয়ে নেওয়া থেকেও মানুষকে বিরত থাকতে বলা হয়েছে ওই বার্তায়। অমিতাভ বচ্চনকে নিয়ে আরও ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর নিজের বাড়িতেই তাঁকে খুন করা হবে।
ইমেলে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে খালিস্তানপন্থী স্লোগানও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলার সম্ভাব্য সময়ের কথাও উল্লেখ করা হয়েছে। এই হুমকি সামনে আসতেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইমেলে উল্লেখ করা প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হয়। বম্ব স্কোয়াড এবং নিরাপত্তাকর্মীরা বিভিন্ন স্থানে পৌঁছে পরীক্ষা করেন। যদিও এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। ইমেলটি আদৌ কতটা বিশ্বাসযোগ্য, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক সপ্তাহ আগেও একই ধরনের হুমকি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। গত ২৩ অক্টোবর পাঠানো একটি ইমেল মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং উপ-মেয়র সঞ্জয় ঘাড়িকেও পাঠানো হয়েছিল। সেই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার আশঙ্কা প্রকাশ করা হয়। পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে জুহুতে অমিতাভের বাড়িতে হামলার হুমকিও দেওয়া হয়েছিল। আগের সেই ইমেলে খালিস্তানের প্রসঙ্গের পাশাপাশি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টেও হামলার হুঁশিয়ারি ছিল। ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় ওই কনসার্ট হওয়ার কথা রয়েছে। সেই ঘটনার পরেও তদন্তে নেমেছিল মুম্বই পুলিশ। পরপর একই ধরনের হুমকি আসায় এবারও নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।


