28 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

ফ্ল্যাটের ভিতরে তরুণীর দেহ, বাইরে রহস্যময় ফোন! বরাহনগর হত্যাকাণ্ডে নতুন মোড়

Aaj India Desk, উত্তর ২৪ পরগনার : বরাহনগরে (Baranagar) এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি আবাসনের ফ্ল্যাট থেকে ২৬ বছরের অঞ্জলি সাউয়ের (Anjali Sahu) দেহ উদ্ধারের পর তদন্তে নেমে একাধিক অসংগতির সন্ধান পেয়েছে পুলিশ। সবচেয়ে বিস্ময়কর বিষয়, মৃত্যুর পরেও অঞ্জলির ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ ও ফোন আসছে। অথচ ওই মোবাইলটি পরিবারের কাছে নেই। ফলে ঘটনার নেপথ্যে কে রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ।

দরজা ভেঙে উদ্ধার তরুণীর দেহ

বরাহনগরের লেক পল্লী এলাকার একটি পাঁচতলা আবাসনে মঙ্গলবার রাতে ঘটনাটি সামনে আসে। ফ্ল্যাটটি অঞ্জলির দিদি ও জামাইবাবুর। জানা গিয়েছে, সেদিন দিদি বাড়ির চাবি প্রতিবেশীর কাছে রেখে বাইরে গিয়েছিলেন। পরে সেই চাবি নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন অঞ্জলি। রাতে দিদি ও জামাইবাবু ফিরে এসে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেই অঞ্জলির নিথর দেহ দেখতে পান তদন্তকারীরা।

ফোনে রহস্যময় বার্তা, আতঙ্কে পরিবার

মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিবারের দাবি, ফ্ল্যাট থেকে অঞ্জলির মোবাইল, পার্স এবং সোনার গয়নাও পাওয়া যাচ্ছে না। দাদা শিবম সাউ জানিয়েছেন, বুধবার অঞ্জলির WhatsApp নম্বর থেকে তাঁর কাছে একটি বার্তা আসে। তাতে লেখা ছিল, ‘যা জানার এখনই জেনে নাও, একটু পরে ফোন সুইচ অফ করে দেবো।’

এরপর একই রাতে ওই নম্বর থেকেই অঞ্জলির মায়ের কাছে WhatsApp কল আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তিকে উদ্দেশ করে মেয়ের মৃত্যুর কারণ জানতে চান তিনি। কিন্তু কোনও জবাব না দিয়েই কল কেটে দেওয়া হয়।

মোবাইলের অবস্থান বদল, সন্দেহের তালিকায় প্রেমিকও

তদন্তকারীদের অনুমান, ফোনটি ব্যবহার করে কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে। মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে ঘন ঘন অবস্থান পরিবর্তন হওয়ায় তদন্তে সমস্যা হচ্ছে। পাশাপাশি অঞ্জলির প্রেমিকের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ন্যায়বিচারের দাবিতে থানায় যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আর্জি জানান তিনি। আপাতত অঞ্জলির মৃত্যুর প্রকৃত কারণ, নিখোঁজ মোবাইলের অবস্থান এবং রহস্যময় বার্তাগুলির পিছনে থাকা ব্যক্তিকে শনাক্ত করাই পুলিশের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন