Aaj India Desk, মধ্যপ্রদেশ: দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) ভয়াবহ অগ্নিকাণ্ড। তিরুবনন্তপুরম থেকে দিল্লির দিকে যাওয়া এই ট্রেনটি চলার সময়ই মধ্যপ্রদেশের রতলাম এলাকার কাছে হঠাৎই আগুন (Fire) ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই বি-১ (B-1) কোচে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণভাবে দাউদাউ করে জ্বলতে শুরু করে।রেল সূত্রে জানা গেছে, জানালা ভেঙে খুব দ্রুতই ৬৮ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে জ্বলন্ত কোচটিকে ট্রেনের অন্যান্য অংশ থেকে আলাদা করে দেওয়া হয়, যাতে আগুন আর ছড়াতে না পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট (Short Circuit) থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, তবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয় ও ধোঁয়ার কারণে অসুস্থও হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোরের দিকে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ একটি কোচে ধোঁয়া দেখা যায়। তারপরই দাউ দাউ করে আগুন চলতে থাকে এবংদ্রুত ছড়িয়েও পড়ে। পুরো কোচ জুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়।
যদিও, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আগুন পুরো কোচে ছড়িয়ে পড়ার আগেই যাত্রীদের বের করে আনা সম্ভব হয়। শুধু ওই কোচ নয়, পাশের কোচ থেকেও যাত্রীদের নিরাপদে সরানো হয়। যদিও শেষ পর্যন্ত বি-১ কোচটি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, শুধু শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ আছে- তা খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি, আটকে পড়া যাত্রীদের গন্তব্য দিল্লিতে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।


