Aaj India Desk, কলকাতা: শহরের অনেক জায়গায় রাস্তা দিন দিন আরও সরু হয়ে যাচ্ছে। তার বড় কারণ, রাস্তার দুই পাশে নিয়ম না মেনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকা। এতে শুধু যানজটই বাড়ছে না, সাধারণ মানুষের হাঁটার জায়গাও কমে যাচ্ছে। এই বেআইনি পার্কিং (Illegal Parking) বন্ধ করতে আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) নির্দেশ দিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু তাতে খুব একটা পরিবর্তন হয়নি বলে অভিযোগ। এবার পরিস্থিতি বদলাতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন নিয়মে বলা হচ্ছে, নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে বা “নো-পার্কিং” এলাকায় গাড়ি রাখলে চালকদের সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (Penalty) করা হতে পারে।
কলকাতা শহরের ২৭টি ট্রাফিক গার্ড এলাকায় এই বেআইনি পার্কিং আটকাতে বিশেষ অভিযান চালাচ্ছে লালবাজার। কলকাতা পুরসভার অনুমোদন ছাড়া যেখানে-সেখানে পার্কিং পুরোপুরি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, যেসব জায়গায় পার্কিং বৈধ থাকবে সেখানে নির্দিষ্ট লাইন মেনে গাড়ি রাখতে হবে। কতটা জায়গা পার্কিংয়ের জন্য রাখা আছে, তা বোর্ডে স্পষ্টভাবে লেখা থাকতে হবে। পার্কিং ফি-ও প্রদর্শন করতে হবে, এবং কর্মীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
এই বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বেআইনি পার্কিং বন্ধ করতে দ্রুত নোটিস দেওয়া হচ্ছে এবং রাস্তার দুই পাশে অবৈধভাবে গাড়ি রাখা আর চলবে না। তাঁর দাবি, এতে সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে এবং অবৈধ টাকা তোলা বন্ধ হবে। অন্যদিকে বাংলার আরেক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যেখানে পার্কিংয়ের অনুমতি আছে শুধু সেখানেই গাড়ি রাখা উচিত। কিন্তু বর্তমানে অনেক জায়গায় নিয়ম ভেঙে পার্কিং হচ্ছে এবং তাতে মানুষের ভোগান্তি বাড়ছে।
উল্লেখ্য, আগের বছরও শহরের রাস্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যান চলাচল ঠিক রাখতে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারের পার্কিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে আবর্জনা পরিষ্কারের কাজ সহজ হয়।


