Aaj India Desk, কলকাতা: পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল (Pass-Fail System) প্রথা অর্থাৎ সেই আগের রীতি ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার (Central Goverment)। তবে বাংলায় তা চালু করেনি আগের সরকার। কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর শিক্ষাক্ষেত্রেও যে নানান ধরনের বদল আসতে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছে। অনুমান করা হচ্ছে যে, রাজ্যে ফের পাশ-ফেল প্রথা চালু হতে পারে। এবার শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh) অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, এবার থেকে ক্লাস ৫ ও ক্লাস ৮-এর পরীক্ষায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এটি শিক্ষার অধিকার আইনের (Right to Education Act) সংশোধনের মাধ্যমে কার্যকর করা হচ্ছে।
তবে কোনও ছাত্র বা ছাত্রী প্রথমবার পরীক্ষায় ফেল করলে তাদের আরেকবার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বারেও যদি পাশ না করতে পারে, তাহলে সেই একই ক্লাসে থেকে আবার তাকে পড়াশোনা করতে হবে। অন্যদিকে, বাংলায় এতদিন এই পাশ-ফেল ব্যবস্থায় চালু ছিল না। তবে ক্ষমতা পালাবদলের পর রাজ্যের শিক্ষাব্যবস্থায় নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, “শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা চলছে। দলের বিভিন্ন বিধায়ক, বিশেষ করে যাঁরা শিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাবিদদের মতামতও নেওয়া হচ্ছে। জনগণ যেটা চাইছে সেটা মোটামুটি আমরা সবাই জানি। সব মিলিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।”


