Aaj India Desk, কলকাতা: হুগলির পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের (Rape And Murder) ঘটনায় বড়সড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলায় অভিযুক্ত অশোক সিংয়ের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকল।
উল্লেখ্য, ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডের নির্দেশের প্রায় ৩৪ বছর পর ফের কোনও মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট। ১৯৯২ সালের অগাস্ট মাসে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, আগের সরকারের আমলেই এই মামলার শুনানি শেষ হয়েছিল। তবে রায় ঘোষণা না করে তা স্থগিত রাখা হয়। পরবর্তীতে নতুন সরকার ক্ষমতায় আসার পর মামলাটি ফের আদালতে তোলার উদ্যোগ নেয়। নতুন করে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করে রাজ্য। এই মামলায় স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। তাঁর সওয়াল-জবাবের জন্য আরও প্রায় আড়াই দিন শুনানি চলে। এরপরই মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট।
রায় ঘোষণার পর একটি বিশেষ রীতিও পালন করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার পর নিজের কলম ভেঙে দেন তিনি। বিচারব্যবস্থার প্রচলিত রীতি অনুযায়ী, এই কলম দিয়ে আর কোনও রায় লিখবেন না বিচারপতি।
রাজ্যে খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের সাজা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে। দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০৬ মাসে এই ধরনের অপরাধে মোট ৫৬টি মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তৃণমূল সরকারের নয় বছরের সময়ে ৪৫টি মৃত্যুদণ্ডের নির্দেশ থাকলেও একটিও কার্যকর হয়নি বলে দাবি করা হয়েছে। বরং একাধিক মামলায় হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা খালাস পেয়েছেন। বর্তমানে আরও ১১টি মৃত্যুদণ্ডের মামলার ভবিষ্যৎ হাইকোর্টে বিচারাধীন। হেতাল পারেখ হত্যাকাণ্ডে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর রাজ্যে আর কোনও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অন্যদিকে, হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কোনও মামলা সুপ্রিম কোর্টে পৌঁছয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়েছে কিংবা অভিযুক্তরা খালাস পেয়েছেন। কামদুনি মামলাতেও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকেনি। কখনও তদন্তের দুর্বলতা, কখনও আবার আদালতে বিচার চলাকালীন প্রয়োজনীয় তথ্য ও যুক্তি সঠিকভাবে তুলে ধরতে না পারার কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সরকার এই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে।
খুন, ধর্ষণের মতো নৃশংস অপরাধে যাতে অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে নতুন সরকার। সরকারের বক্তব্য, বিচারপ্রক্রিয়ায় রাজ্যের তরফে কোনও ধরনের গাফিলতি রাখা যাবে না। মামলার গুরুত্ব বুঝে উপযুক্ত আইনজীবী নিয়োগ করতে হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞ আইনজীবীদেরও দায়িত্ব দিতে হবে। গুরুতর অপরাধের মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ এবং বিচারপ্রক্রিয়ায় অযথা দেরি আটকানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
হুগলির এই পকসো মামলাতেও সেই উদ্যোগের অংশ হিসেবে নতুন করে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছিল। আগের সরকারের আমলে শুনানি শেষ হওয়ার পরও যে মামলার রায় ঘোষণা হয়নি, সেটি নতুন করে আদালতে তুলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
এদিনের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। অভয়ার বাবা শেখর দেবনাথ এবং মা রত্না দেবনাথের বক্তব্য, পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ যথাযথ হয়েছে। তবে তাঁদের দাবি, এই সাজা যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। তাঁদের মতে, এমন কঠোর শাস্তি হলে অন্য অপরাধীরাও ভয় পাবে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার আগে দু’বার ভাববে। এই রায়ের ফলে নির্যাতিত শিশু এবং তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে।
তবে এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, হুগলির এই ঘটনায় নিম্ন আদালত আগেই মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। এরপর মামলাটি হাইকোর্টে গেলে সেখানেও সেই সাজা বহাল রাখা হয়েছে। তাঁর মতে, দেশের বিচারব্যবস্থার নির্দিষ্ট নিয়ম মেনেই এই ধরনের মামলার নিষ্পত্তি হওয়া উচিত। হাইকোর্টের রায়ের পর অভিযুক্ত পক্ষ সুপ্রিম কোর্টে যেতে চাইলে, তারও আইনি সুযোগ রয়েছে। কিন্তু বিচারব্যবস্থার প্রক্রিয়াকে উপেক্ষা করে অন্য কোনও পথে হাঁটা সংবিধানের পরিপন্থী বলে মনে করেন তিনি।


