কলকাতা: ডিজে মামলায় (DJ case) বিধাননগর আদালতের নির্দেশ সত্ত্বেও পরপর দু-দিন ভয়েস স্যাম্পেল দিতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ১৮ জুলাই তাঁকে তৃতীয়বার তলব করা হয়েছে। তার আগেই এই মামলার তদন্তে নতুন গতি। বৃহস্পতিবার এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করল সিআইডি।
বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডির দপ্তরে হাজির হয়ে তদন্তকারীদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, ছাব্বিশের নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) “ডিজে মন্তব্যের” (DJ case) জেরেই তাঁর ও বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছিল। এদিন দুপুর ১২টা নাগাদ ভবানীভবনে পৌঁছন বিকর্ণ নস্কর।
তদন্তকারীদের কাছে বয়ান দেওয়ার পর তিনি বলেন, “গত ৪ মে ২০২৬ সালে বিজয় মিছিল করে ফেরার সময় ক্যানিংয়ে আমার ও আমাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। তৃণমূলের পরেশরাম দাস ও রাজা গাজীর নেতৃত্বে থাকা দুষ্কৃতীরা ইট ছুড়ে হামলা চালায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডিজে-সংক্রান্ত মন্তব্যের জেরেই এই হামলা হয়েছে। সেই ঘটনারই বয়ান রেকর্ড করতে আজ ভবানীভবনে এসেছিলাম।”
বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে আগেই থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার (DJ case) তদন্ত করছে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই এদিন তাঁকে সাক্ষী হিসেবে ডেকে বয়ান রেকর্ড করা হয়। তদন্তকারীরা হামলার দিন কী ঘটেছিল, কারা জড়িত ছিল এবং ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন বলে সূত্রের খবর। এবার এই মামলায় (DJ case) আগামী ১৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভয়েস স্যাম্পেল দেন কিনা সেদিকেই নজর তদন্তকারীদের।


