কলকাতা: দ্বিতীয় দফা শেষ হতেই গণনাকেন্দ্র (Vote Counting Centers) নিয়ে কমিশনের আরও এক বড় পদক্ষেপ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে গণনাকেন্দ্র গুলোকে ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার ফের একবার গণনাকেন্দ্রের সংখ্যা কমানো হল বলে জানা গিয়েছে। দু-সপ্তাহ আগেই রাজ্যের ২৯৪ আসনের জন্য গণনা কেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে ৮৭ করা হয়।
এবার ভোট গণনার ৩ দিন আগে ফের একবার গণনাকেন্দ্রের (Vote Counting Centers) সংখ্যায় কাটছাঁট করল নির্বাচন কমিশন (Election Commission)। সিইও দফতর সূত্রে খবর, আগামী ৪ মে বাংলায় ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। শুধু তাই নয়, কোন জেলায় কোথায় গণনা হবে, তারও বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন। জেলা অনুযায়ী গণনাকেন্দ্রগুলির ঠিকানাও জানানো হয়েছে।
জানুন জেলা-অনুযায়ী গণনা কেন্দ্র
- কলকাতায় মোট ৫টি কেন্দ্রে ১১টি বিধানসভা আসনের ভোট গণনা হবে। কলকাতার গুরুত্বপূর্ণ গণনাকেন্দ্রগুলির মধ্যে রয়েছে নেটাজি ইন্ডোর স্টেডিয়াম, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলসহ একাধিক প্রতিষ্ঠান।
- দার্জিলিঙে ৩, আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৫, জলপাইগুড়িতে ২, কালিম্পঙে ১ টি উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ২ টি কেন্দ্রে ভোট গণনা হবে। আলিপুরদুয়ারে সব আসনের গণনা (Vote Counting Centers) হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে।
- মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, দক্ষিণ ২৪ পরগনার ৬ টি গণনাকেন্দ্র থাকবে।
- হুগলিতে ৫, হাওড়ায় ৪, পূর্ব বর্ধমানে ৪, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩ টি ভোট গণনা কেন্দ্র (Vote Counting Centers) থাকবে।
এদিকে, ভোটগণনার আগে গণনাকেন্দ্র পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, প্রয়োজনে ৭৭টির থেকেও কমানো হতে পারে গণনাকেন্দ্র (Vote Counting Centers)। পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।


