Aaj India Desk, কলকাতা: ইউনেস্কোর (Unesco) নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রি এবং সেই টাকা নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে আরও তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই অ্যাকাউন্টগুলির সঙ্গে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর সংস্থা ‘মাস আর্ট’-এর সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
প্রিভিউ শোয়ের পাস কীভাবে বিক্রি করা হয়েছিল, সেই বিক্রির টাকা কোন কোন অ্যাকাউন্টে জমা পড়েছে এবং এই আর্থিক লেনদেনের সঙ্গে কারা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ফ্রিজ করা ২৭টি অ্যাকাউন্টের সমস্ত লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।
এই মামলার তদন্তে বৃহস্পতিবার লালবাজারে হাজির হন ইন্দ্রনীল সেনের মেয়ে। সিটের আধিকারিকরা তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, প্রিভিউ শোয়ের পাস বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন। এর আগে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দাকেও টানা দু’দিন জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সূত্রে দাবি, জেরার সময় তিনি নিজের কোনও দায়িত্বের কথা স্বীকার করেননি। অন্যদিকে, ইন্দ্রনীল সেনও এই বিষয়ে কিছু জানা নেই বলে তদন্তকারীদের জানিয়েছেন। এদিকে, বুধবার রাতে এই মামলার অন্যতম অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই আর্থিক লেনদেনের আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Indranil Sen, Kolkata Police, Durga Puja, UNESCO, Financial Scam, Account Freeze
Transactions worth crores of rupees using UNESCO’s name? Kolkata Police
freezes 27 accounts


