কলকাতা: দিল্লির পর এবার কলকাতাতেও ‘জ্ঞানেশ হঠাও’ আন্দোলনের আঁচ! দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে বুধবার লোকভবন ঘেরাও কর্মসূচি নেয় কংগ্রেস। আর সেই কর্মসূচিকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতার রাজপথে।
লোকভবনের গেটের কাছেই কংগ্রেস কর্মীদের আটকে দেয় পুলিশ। এরপর গার্ডরেল সরিয়ে এগোনোর চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ঘিরে কার্যত মুখোমুখি পুলিশ ও কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে একের পর এক বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, রাস্তায় বসেই বিক্ষোভ চালিয়ে যান কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, কর্মসূচির অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের বাধা দিয়েছে। পাশাপাশি জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) গ্রেপ্তারির দাবিতেও সুর চড়ান তাঁরা।
আর এই উত্তেজনার পিছনে রয়েছে দিল্লির আন্দোলনের রেশ। ৬ অক্টোবর জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে INDIA ব্লকের নেতৃত্বে নির্বাচন কমিশনের দিকে মিছিল করেন বিরোধী সাংসদরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দিলে আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতারা। কয়েক ঘণ্টার পর তাঁদের আটক করা হয়।
SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের একের পর এক প্রশ্নের মধ্যেই জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবি জোরালো হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগ খারিজ করেছে।
দিল্লির পর এবার কলকাতার রাস্তাতেও সেই আন্দোলনের আঁচ। লোকভবনের সামনে ধস্তাধস্তি, আটক একের পর এক কংগ্রেস কর্মী, ‘জ্ঞানেশ হঠাও’ আন্দোলন ঘিরে তিলোত্তমায় উত্তেজনা এখন তুঙ্গে।


