33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

উচ্ছেদ বিতর্কের মাঝেই বড় ঘোষণা! পুজো পর্যন্ত কী হবে হকারদের?

কলকাতা: বুলডোযার আপাতত থামছে? হকার উচ্ছেদকে (Hawker Eviction) ঘিরে টানাপোড়েনের আবহে আপাতত স্বস্তির খবর পেলেন রাজ্যের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গিয়েছে, শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতির দাবি, অক্টোবর অর্থাৎ দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ (Hawker Eviction) করা হবে না বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পুজোর মরশুমের আগে আপাতত কিছুটা স্বস্তিতে হকাররা।

তবে রেলের হকার উচ্ছেদের বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলার অনুরোধ করা হয়েছে, বলে জানা গিয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর রেল ও রাজ্য সরকারের জমি দখলমুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রেলের জমি, স্টেশন চত্বর, বিভিন্ন বাজার এলাকা, সেতুর নিচে এবং সরকারি জমিতে ব্যবসা বা বসবাস করা বহু মানুষকে উচ্ছেদের (Hawker Eviction) নোটিস দেওয়া হয়। প্রশাসনের দাবি, সরকারি জমি বেআইনিভাবে দখল করে ব্যবসা ও বসবাস চলছিল।

এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি কলকাতা হাই কোর্ট পর্যন্ত গড়ায়। তবে মামলার শুনানি চলাকালীনও একাধিক স্টেশনে বুলডোজার অভিযান চালানো হয় এবং বহু দোকান ভেঙে ফেলা হয়। পরে কলকাতা হাই কোর্ট ৩১ জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে (Hawker Eviction) স্থগিতাদেশ দেয়।

এরই মধ্যে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে, দুর্গাপুজো পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। ফলে উৎসবের মরশুমে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন হকাররা। তবে এই আশ্বাসের বিষয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে হকার সংগঠনগুলির নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন