Aaj India Desk, কলকাতা : সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেলেও হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মদন মিত্র (Madan Mitra)। সোমবার ১১ মে কলকাতার বেল ভ্যু ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নজরদারির মধ্যেই রয়েছেন তিনি।
কী সমস্যা হয়েছিল?
মূত্রজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অসুস্থতা অনুভব করার পর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও শুরু করেছেন। হাসপাতাল সূত্রে দাবি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মদন মিত্র (Madan Mitra)। তবে বয়সজনিত কারণ ও শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নেপথ্যে কি অন্য ইঙ্গিত ?
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই ঘটনা সামনে আসায় শুরু হয়েছে নানান জল্পনা। বিধানসভা নির্বাচনে মদন মিত্র (Madan Mitra) জয় পেলেও রাজ্যে দলের সামগ্রিক ফলাফল নিয়ে হতাশ তৃনমূল কংগ্রেস। সেই চিন্তাতেই মদন মিত্রের শারীরিক অবনতি ঘটেছে বলে ধারণা একাংশের। আবার অন্যদিকে গতকাল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডি গ্রেপ্তার করে। কোনো ভাবে সেই দুর্নীতি মামলায় মদন মিত্রের দিকেও ইডি বা অন্য কেন্দ্রীয় সংস্থার নজর থাকতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। ফলে ডাক পড়ার আগাম ইঙ্গিত পেয়েই তিনি হাসপাতালে ভর্তি হলেন কিনা সেই প্রশ্নও উঠছে। অতীতেও একাধিক দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম ওঠেছিল। সেই সময়েও অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্পষ্টভাষী মন্তব্যের জন্য রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


