Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : শিশুদের পাতে ডিম-ভাত, আর সেই খাবারের মধ্যেই মরা টিকটিকি! পুষ্টির জোগান দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার রান্না করা হয়েছিল, তা ঘিরেই এবার চরম অস্বস্তি। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মিত্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের (Mid Day Meal) খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। সৌভাগ্যবশত, খাবার খাওয়ার আগেই বিষয়টি নজরে আসে। ফলে কোনও শিশুই ওই খাবার খায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, শিশুদের জন্য রান্না করা খাবারের নিরাপত্তা নিয়ে এত বড় গাফিলতি কীভাবে ঘটল?
ঘটনাটি গোবরডাঙা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাইপুর মিত্রপাড়া এলাকার মিত্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। স্থানীয় সূত্রে খবর, ওই কেন্দ্রে মোট ২০ জন শিশু রয়েছে। শুক্রবার তাদের জন্য প্রতিদিনের মতো রান্না করা হয়েছিল ডিম, ভাত ও আলুর ঝোল (Mid Day Meal)। সেদিন কেন্দ্রে উপস্থিত ছিল ৯ জন শিশু। অভিযোগ, রান্না করা খাবারের মধ্যেই টিকটিকি দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে একাধিক সমস্যা রয়েছে। তাঁদের অভিযোগ, অন্ধকার ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাবার রান্না করা হয়। রান্নাঘরে পর্যাপ্ত আলো নেই। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, শিশুদের জন্য বরাদ্দ খাবার নিয়মিত দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। শুক্রবারের ঘটনার পর শিশুদের খাবারের গুণমান ও স্বাস্থ্যসুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, ঘটনার কথা স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার নুরুনার খাতুন। তাঁর বক্তব্য, খাবারে টিকটিকি থাকার খবর পাওয়ামাত্রই শিশুদের ওই খাবার খেতে নিষেধ করা হয়। পাশাপাশি বাকি শিশুদের খাবার দেওয়াও বন্ধ করে দেওয়া হয়।রান্নাঘরে পর্যাপ্ত আলোর অভাবের কথাও স্বীকার করেছেন সুপারভাইজার। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার (Mid Day Meal) গুরুত্বপূর্ণ। সেখানে রান্না করা খাবারের মধ্যেই টিকটিকি পাওয়ার অভিযোগ স্বাভাবিকভাবেই খাদ্য নিরাপত্তা ও নজরদারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।


