কলকাতা: বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির (Baruipur violence) জেরে রাজনৈতিক ও আইনি তরজা আরও তীব্র হচ্ছে। এই অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে সিপিএম নেতা লাহেক আলির বিরুদ্ধে FIR দায়ের হয়। শুক্রবার সেই অভিযোগ অস্বীকার করে এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। জানা গিয়েছে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামী দিনে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্রীলেখার বিরুদ্ধে কি অভিযোগ?
অন্যদিকে, ঘটনার দিন, অর্থাৎ রবিবার সমাজমাধ্যমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং ইউটিউবার অনুভব মাইতির কিছু পোস্ট ও মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং একটি বিশেষ সম্প্রদায়, আরএসএস বা বিজেপিকে ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করার পরিবেশ তৈরি করে। যার জেরে এলাকায় রেললাইন উপড়ে ফেলা, বাড়িঘরে হামলা এবং গণপিটুনির মতো একাধিক অশান্তির (Baruipur violence) ঘটনা ঘটে, বলে অভিযোগ। এই অভিযোগে শ্রীলেখা ও অনুভবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেতা সুশোভন রায়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বারুইপুরের ঘটনাকে (Baruipur violence) কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। একদিকে অপরাধের তদন্ত এগোচ্ছে, অন্যদিকে অশান্তি ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় রাজনৈতিক নেতা এবং জনপরিচিত ব্যক্তিদের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এখন হাই কোর্টে লাহেক আলির আবেদনের শুনানি এবং শ্রীলেখা মিত্র ও অনুভব মাইতির বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের তদন্ত, দুই দিকেই নজর রয়েছে।


