Aaj India Desk, কলকাতা: আবহাওয়া পরিবর্তনের জোরালো সঙ্কেত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে ধেয়ে আসতে পারে মরসুমের অন্যতম শক্তিশালী কালবৈশাখী। উত্তর কলকাতার ঘিঞ্জি গলি থেকে শুরু করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের চা বাগান, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তিলোত্তমাবাসীর জন্য বুধবারের সকালটা শুরু হতে পারে মেঘলা আকাশে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই শহর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এক ধাক্কায় কিছুটা কমতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গ: ঝোড়ো হাওয়ার সতর্কতা
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বায়ুমণ্ডলের অস্থিরতা বাড়তে থাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের চরম সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখী বয়ে যেতে পারে। ঝড়ের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বৈদ্যুতিক খুঁটি বা পুরনো গাছের নিচে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
উত্তরবঙ্গ: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া বড়সড় বদল নিতে চলেছে। অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কোচবিহার ও আলিপুরদুয়ারে আবহাওয়া দফতর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।উত্তরের জেলাগুলিতে ঝড়ের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।


