Aaj India Desk, কলকাতা: সাধারণ মানুষ চাইলেই কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার সেই মানুষই চাইলে তাকে সেখান থেকে সরিয়েও দিতে পারে-এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সেই ছবিটাই যেনো স্পষ্ট হয়েছে। ভোটে হারার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র বাড়ির সামনে থেকে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে। আর এবার একইভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র বাড়ি ও অফিসের বাইরে থাকা অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল লালবাজার। জানানো হয়েছিল, বুধবার (৬ তারিখ) সকাল সাড়ে ৬টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, এবং তাই বাস্তবায়িত হয়েছে ।
কোথায় কোথায় এই পিকেট তুলে নেওয়া হয়েছে?
লালবাজার সূত্রে খবর, ১৮৮, হরিশ মুখোপাধ্যায় রোডের বাড়ি, ১২১ কালীঘাট রোডে অফিস ও বাড়ি এবং ৯ ক্যামাক স্ট্রিটের অফিস-এই সব জায়গা থেকে অতিরিক্ত পুলিশ পিকেট সরানো হয়েছে।
উল্লেখ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। সেই পটুয়া পাড়া এলাকাতেই এখন বিজেপির পতাকা চোখে পড়ছে। রাজনৈতিক পরিবর্তনের পর এবার মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় শিল্পীরা। তাঁদের অভিযোগ, এতদিন ওই এলাকায় কড়া নিরাপত্তা থাকায় কাজ করতে অনেক সমস্যা হতো।
এক শিল্পীর কথায়, “এটা কালীঘাট রোড, কারোর বাবার রাস্তা নয়। এটা সবার রাস্তা, কিন্তু তারপরেও গাড়ি দাঁড়াতে দিত না। ওঁদের বাড়ি আছে বলে আমাদেরই কষ্ট হত। আমরা তো ওঁদের সমর্থন করেছি, আমরাই তো দিদিকে এনেছি। কিন্তু উল্টে আমাদেরই সমস্যায় ফেলেছে। তাই মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল।” শিল্পীদের আরও দাবি, অভিষেকের নিরাপত্তার জন্য যেভাবে কড়াকড়ি ছিল, তাতে পটুয়া পাড়ার সাধারণ জীবনযাপনই কঠিন হয়ে উঠেছিল। তবে ভোটের ফল বদলাতেই এবার সেই নিরাপত্তা ব্যবস্থাও ঢিলে করা হচ্ছে।


