কলকাতা: হাইকোর্টের শর্তসাপেক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (TMC Bank Account Freeze) ব্যবহারের অনুমতি মিলতেই ফের বড়সড় ধাক্কা! ২৪ ঘন্টা না কাটতেই তদন্তের স্বার্থে এবার কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) আরও ১২ টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। পুলিশ সূত্রের দাবি, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। প্রথম পর্যায়ে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তদন্ত এগোনোর পর নতুন করে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) করার সিদ্ধান্ত নেয় তদন্তকারী সংস্থা।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির কাছে আইনি আবেদন পাঠানো হয়। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ নতুন ১২টি অ্যাকাউন্টে সমস্ত ধরনের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে। তদন্তকারীদের দাবি, বর্তমানে ফ্রিজ (TMC Bank Account Freeze) হওয়া মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। এই বিপুল অঙ্কের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে নতুন করে ফ্রিজ হওয়া ১২টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, অ্যাকাউন্টধারীর নথি এবং অতীতের লেনদেনের পূর্ণ বিবরণ চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে নোটিস পাঠিয়েছে পুলিশ।
তদন্তকারী সংস্থার বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই এবং অর্থের উৎস ও লেনদেনের প্রকৃতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছে। ব্যাঙ্কগুলির কাছ থেকে প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর আর্থিক লেনদেনের বিস্তারিত বিশ্লেষণ করা হবে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, এর আগে ফ্রিজ করা ৩ টি অ্যাকাউন্ট থেকে ৪৪০ কোটি টাকা পেয়েছিলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) মামলায় কালীঘাট তৃণমূলকে (Kalighat TMC) সাময়িক স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের তীব্র ভর্ৎসনা শোনে ঋতব্রত শিবির। বিচারপতি সৌগত ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগের নির্দেশ দেন।
আদালতের তরফে বলা হয়, এই স্পেশাল অফিসারের তত্ত্বাবধানেই ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট (TMC Bank Account Freeze) থেকে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের এই অন্তর্বর্তী স্বস্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করবে বলে জানিয়েছিল ঋতব্রত শিবির। তারপরই শুক্রবার ফ্রিজ করা হল আরও ১২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (TMC Bank Account Freeze)।


