Aaj India Desk, কলকাতা : এর আগেও তৃণমুল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন দলের বিধায়ক ও মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। তবে এবার সেই বিদ্রোহী গোষ্ঠী NCPI দলে যোগ দেওয়ার পর সোমবার ফের সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে দলবদলের পুরো ঘটনাক্রমকে ঘিরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ করেন তিনি। পাশাপাশি এক ওই বিদ্রোহী দলেরই এক সদস্যকে ‘বিচিত্র পরচুলা’ বলেও ব্যঙ্গ করেন তিনি।
দলবদলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, যে সাংসদরা একটি রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচিত হয়ে বিরোধী রাজনৈতিক শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করার পর তৃতীয় একটি দলে যোগদানের কথা ঘোষণা করেছেন। এই ঘটনাপ্রবাহের মধ্যে রাজনৈতিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে বলে তিনি মন্তব্য করেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, বিজেপির সঙ্গে এই তৃনমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক হওয়া সত্ত্বেও তাঁরা যে NCPI নামক একটি অস্তিত্বহীন দলে যোগদান করেছেন, তাঁর পিছনে কোনও ব্যাখ্যা বা তিন দলের মধ্যেকার সম্পর্ক তিনি খুঁজে পাননি। সাথে সংশ্লিষ্ট বৈঠকে নতুন দলের কোনও প্রতিনিধি আদৌ উপস্থিত ছিলেন কি না তাও জানতে চান তিনি। একইসঙ্গে তিনি নতুন দলে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা কার সঙ্গে হয়েছিল এবং সেই সিদ্ধান্ত কোন সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও উল্লেখ করেন, দলবদলের ক্ষেত্রে সাধারণত যে ধরনের আনুষ্ঠানিক ছবি, পতাকা গ্রহণ বা প্রকাশ্য কর্মসূচি দেখা যায়, এই ক্ষেত্রে সেরকম কোনও দৃশ্য প্রকাশ্যে আসেনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, এই পুরো প্রক্রিয়াটি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
বিদ্রোহী প্রার্থীকে খোঁচা
বিদ্রোহী শিবিরের মধ্যে থাকা একসময়ের তৃনমূলের শীর্ষ স্তরের নেতা এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কুনাল ঘোষ (Kunal Ghosh) তাঁকে ‘বিচিত্র পরচুলা’ বলেন। পাশাপাশি তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, এই দলবদলের ঘটনাপ্রবাহ নিয়ে কারুর মনে কোনো ধন্দ থাকলে, “দল ও শিবির বদলের বিশেষজ্ঞ বিচিত্র পরচুলোর কাছ থেকে” তাঁরা বিস্তারিত জানতে পারেন।
বিদ্রোহী শিবিরের NCPI এ যোগদানের পর থেকেই কার্যত অস্থির তৃনমূল। এই পরিস্থিতিতে কুনাল ঘোষের সরাসরি খোঁচা দেওয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে এই জটিলতার মধ্যেও এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে এবার এই নতুন দল বেশ পোক্ত জায়গা করে নিয়েছে। এবার আগামী দিনে এর প্রভাব কী হয় সেটাই দেখার।


