Aaj India Desk, বীরভূম: বীরভূমের পাথর দুর্নীতির অভিযোগের পর এবার রাস্তার টেন্ডার নিয়েও প্রভাবশালী টুলু মণ্ডলের (Tulu Mondal) নাম সামনে এসেছে। অভিযোগ, বীরভূমের বাইরে পূর্ব মেদিনীপুরের এগরাতেও তাঁর প্রভাব ছড়িয়েছে। কশবা গোলা থেকে পানিপারুল পর্যন্ত প্রায় সাড়ে ৯ কোটি টাকার রাস্তা নির্মাণের টেন্ডারকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় ঠিকাদার শেখ মুক্তাজুলের সমস্ত প্রয়োজনীয় নথি ঠিক থাকলেও তাঁকে কাজ দেওয়া হয়নি। পরিবর্তে টেন্ডার দেওয়া হয় বীরভূমের টুলু মণ্ডলকে। পরে টুলু সেই কাজের দায়িত্ব বীরভূমেরই ‘গনি স্টোন সাপ্লায়ার’-এর হাতে তুলে দেন।
এই অনিয়মের অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন শেখ মুক্তাজুল। তাঁর অভিযোগ, মামলা করার পর তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে সুমিত (Sumit) নামে এক ব্যক্তি তাঁকে হাইকোর্ট থেকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক ও হুমকি দেন।
শেখ মুক্তাজুলের দাবি, প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিয়ে কালো টাকাকে সাদা করার চেষ্টা চলছে। যোগ্য স্থানীয় ঠিকাদারদের বঞ্চিত করে বাইরের সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে। আর কেউ আইনের পথে হাঁটলে তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। গোটা ঘটনায় সরকারি উন্নয়নমূলক কাজের টেন্ডার প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।


