Aaj India Desk, হুগলি: দুই মাস আগেও ভোট প্রচারের সময় হামলার মুখে পড়ে বিজেপি (BJP)-এর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। সেদিন দৃঢ়ভাবে বলেছিলেন, তৃণমূল (TMC) কখনও লড়াই ছেড়ে পালায় না। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ। এখন সেই সাংসদই তৃণমূল ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। কথা হচ্ছে মিতালি বাগ (Mitali Bag)-কে নিয়ে। দল ছাড়ার পর থেকেই তাঁকে নানা কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। ‘বিশ্বাসঘাতক’ বা ‘বেইমান’-এর মতো মন্তব্যও শুনতে হচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মিতালি।
সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে মাঠে কাস্তে দিয়ে তিল কাটতে দেখা যাচ্ছে। ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, “আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না। সংসদের ভিতরে বারবার লিপস্টিক লাগিয়ে কারও নজর কাড়ার চেষ্টা করি না। আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যেমন, তেমনই থাকি।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেরই ধারণা, তিনি নাম না করে তৃণমূলের এক মহিলা সাংসদকে নিশানা করেছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দল ছেড়ে যাওয়া সাংসদদের ‘গদ্দার’ ও ‘বেইমান’ বলে আক্রমণ করেছিলেন। এমনকি তাঁদের বিরুদ্ধে ৪ কোটি টাকার বিনিময়ে দল বদলের অভিযোগও তুলেছিলেন। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মিতালির এই পোস্টের ‘লিপস্টিক’ মন্তব্য আসলে মহুয়া মৈত্রকেই উদ্দেশ্য করে করা। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। রাজনৈতিক মহলের মতে, চাষের মাঠে কাজ করার ভিডিও পোস্ট করে মিতালি বোঝাতে চেয়েছেন যে, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি এবং নিজের শিকড়ের সঙ্গেই যুক্ত থাকতে চান।


