36 C
Kolkata
Monday, June 22, 2026
spot_img

যাত্রীদের জন্য সুখবর! এসপ্ল্যানেড নয়, ইডেনেই থামবে জোকা মেট্রো

Aaj India Desk,কলকাতা: কলকাতার মেট্রো নেটওয়ার্কে আরও এক বড় পরিবর্তনের পথে এগোচ্ছে জোকা-এসপ্ল্যানেড করিডর। নতুন পরিকল্পনা অনুযায়ী এই মেট্রো লাইনকে শুধু এসপ্ল্যানেড পর্যন্ত না রেখে ইডেন গার্ডেন পর্যন্ত সম্প্রসারণ করার প্রস্তাবে রেলমন্ত্রক নীতিগত অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে অতিরিক্ত ব্যয়ের হিসেব চূড়ান্ত করার কাজ চলছে এবং খুব শিগগিরই সেই খরচেও চূড়ান্ত সিলমোহর পড়তে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ইডেন গার্ডেন এলাকায় মোহনবাগান ক্লাবের উল্টো দিকে একটি নতুন মেট্রো স্টেশন তৈরি হবে, যার নাম রাখা হবে ‘ইডেন গার্ডেন’। এই স্টেশনের জন্য প্রয়োজনীয় জমিও ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। লক্ষ্য হলো শহরের কেন্দ্রস্থলে যাতায়াত আরও সহজ করা এবং সার্কুলার রেল নেটওয়ার্কের সঙ্গে মেট্রোর সংযোগ আরও শক্তিশালী করা।

বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। মাঝেরহাটের পর মোমিনপুর থেকে ভূগর্ভস্থ টানেলের কাজ এগিয়েছে দ্রুত গতিতে। সূত্রের দাবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচ দিয়ে টানেল নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং পার্ক স্ট্রিট স্টেশনের কাজও জোরকদমে চলছে।

এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের দূরত্ব প্রায় ১.২ কিলোমিটার। এই ছোট অংশ জুড়েই নতুন সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। মেট্রো কর্তাদের মতে, এই সংযোগ চালু হলে শুধু ময়দান বা ক্রিকেটপ্রেমীরাই নয়, সার্কুলার রেল ব্যবহারকারী যাত্রীরাও সরাসরি মেট্রো সুবিধা পাবেন। ফলে শহরের ব্যস্ত কেন্দ্র এলাকায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে।

সব মিলিয়ে, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো করিডর ২০২৭-২৮ সালের মধ্যে চালু করার লক্ষ্য রাখা হয়েছে। তবে নতুন ইডেন গার্ডেন সম্প্রসারণে অনুমোদন মেলায় প্রকল্পের কাজ আরও গতি পাবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যেই এই রুট কলকাতার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন