Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর অন্দরে অস্থিরতা যেন থামছেই না। এবার সেই প্রভাব পড়ল কলকাতা পুরসভাতেও (KMC)। একের পর এক গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তৃণমূলের কাউন্সিলর (TMC Councillor)-রা। এবার ১২ নম্বর বোরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। একইসঙ্গে ‘মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি’র দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী। এর আগেই ৯ নম্বর বোরোর চেয়ারম্যান পদ ছেড়েছিলেন দেবলীনা বিশ্বাস। যদিও, রাজনৈতিক মহলের একাংশের দাবি, শুধু এই কয়েকজন নন, আগামী দিনে আরও একাধিক নেতা বা কাউন্সিলর পদ ছাড়তে পারেন।
জানা গিয়েছে, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছিলেন। সেখানে তিনি সকলকে আরও সক্রিয় হয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, “আপনারা এখনও নির্বাচিত প্রতিনিধি। তাই মানুষের জন্য কাজ করুন, রাস্তায় নামুন এবং পরিষেবা দিন।” কিন্তু সেই বৈঠকের পরের দিনই একের পর এক পদত্যাগের ঘটনায় রাজনৈতিক চাপ আরও বেড়েছে।
এদিকে, মেয়র পারিষদ তারক সিং এই ঘটনাকে সরাসরি ভাঙন বলতে নারাজ। তিনি বলেন, দলের বর্তমান নেতৃত্বের উচিত বিক্ষুব্ধদের সঙ্গে বসে আলোচনা করা। তাঁর মতে, দলের ভিতরে মতভেদ রয়েছে ঠিকই, তবে আলোচনা করেই সমস্যার সমাধান করা দরকার। তিনি আরও বলেন, বর্তমান নেতৃত্বকে মানা হবে কি না, সেই সিদ্ধান্ত দলের অন্দরেই নিতে হবে।
অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, শুধুমাত্র খবরের শিরোনামে আসতেই এইসব পদত্যাগ করা হচ্ছে। তাঁর বক্তব্য, যদি সত্যিই দল ছাড়ার ইচ্ছে থাকে, তাহলে কাউন্সিলর পদ এবং দল- দুটোই ছেড়ে দেওয়া উচিত। তিনি কটাক্ষ করে বলেন, “মরার চুল কাটলে যেমন ওজন কমে না, তেমনই এসব পদ ছেড়ে বিশেষ কিছু হবে না।”


